বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছেন উইন টেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সল আলিম ও ব্রোটেকস টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও নাহিদ হোসেন।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শাহীনবাগের হোটেল এম্পিরিয়ানে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে মোট ভোটারের প্রায় ৫০ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষে একই দিনে নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়।
নতুন কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ সোহায়েল রেজা (ব্যবস্থাপনা পরিচালক, এডিএন ডিজিনেট লিমিটেড), সহসভাপতি আবদুল কাদের (ব্যবস্থাপনা পরিচালক, উইজডম ভ্যালি লিমিটেড), যুগ্ম সাধারণ সম্পাদক সায়মা শওকত (ব্যবস্থাপনা পরিচালক, রিকম কনসালটিং লিমিটেড) ও অর্থ সম্পাদক খন্দকার আতিকুর রহমান (ব্যবস্থাপনা পরিচালক, এএসকে টেলিকম লিমিটেড)।
পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মোস্তফা জামাল ইউসুফ (ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, ভাইজার এক্স লিমিটেড), আশিকুর রহমান (প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা, ইগনাইট টেক সলিউশনস), এস এম মসিউর রহমান (পরিচালক, টিকন সিষ্টেম লিমিটেড), ফয়সাল সালাম (চেয়ারম্যান, ফ্রাইডেসফট লিমিটেড), মোহাম্মদ সাইফুল ইসলাম (প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইনভিক্টা সলিউশনস লিমিটেড) ও মো. একরামুল হায়দার (প্রধান নির্বাহী কর্মকর্তা, আলফা নেট)।
বাক্কোর নবনির্বাচিত সভাপতি ফয়সল আলিম বলেন, ‘দেশের বিপিও, আইটি ও আইটিইএস খাত আজ বিশ্বদরবারে বাংলাদেশের অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় একটি খাত হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমাদের নতুন কার্যনির্বাহী কমিটি সদস্যপ্রতিষ্ঠানগুলোর স্বার্থ সুরক্ষা, সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তথ্যপ্রযুক্তি খাতের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আমরা সবার সহযোগিতা আশা করছি।’
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম সিদ্দিক বলেন, ‘নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়েছে। যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। একই সঙ্গে বাক্কোর সম্মানিত সদস্য ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাঁরা তাঁদের মূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচনকে সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেছেন। নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্ব পালন করা বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।’
বাক্কোর নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পর্যবেক্ষণে মূখ্য পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (যুগ্মসচিব) জনাব মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার। এ ছাড়া পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সংগঠন-২ শাখার উপসচিব জনাব চৌধুরী সামিয়া ইয়াসমীন এবং সহযোগী পর্যবেক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য সংগঠন-২ শাখার কর্মকর্তা জনাব শফিকুল ইসলাম, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর সভাপতি জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রতিনিধি জনাব মো. ওয়ালিয়ার রহমান মামুন, জনাব মো. ওয়াসীম, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) এর প্রতিনিধি জনাব জাকারিয়া আহমেদ চৌধুরী, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের সভাপতি জনাব মো. হিটলার এ হালিম এবং টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের সভাপতি জনাব মোহাম্মদ কাওসার উদ্দিন।