৪৪ দেশে চ্যাটজিপিটি বিজ্ঞাপনের সুযোগ, তালিকায় বাংলাদেশও

প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত প্রসারের সঙ্গে ডিজিটাল বিজ্ঞাপনের বাজারেও নিজেদের অবস্থান শক্তিশালী করছে ওপেনএআই। এরই ধারাবাহিকতায় বাংলাদেশসহ বিশ্বের ৪৪টি দেশের বিজ্ঞাপনদাতাদের জন্য ‘চ্যাটজিপিটি অ্যাডস’ কেনার সুযোগ সম্প্রসারণ করেছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে বৈশ্বিক ডিজিটাল মিডিয়া ও পেমেন্ট অবকাঠামো প্রদানকারী প্রতিষ্ঠান অ্যালেফকে (Aleph) ৪৪টি বাজারে চ্যাটজিপিটি অ্যাডসের একক পুনর্বিক্রেতা হিসেবে নিয়োগ দিয়েছে ওপেনএআই। ১২ নভেম্বর ২০২৬ প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

স্থানীয় পর্যায়ে বিজ্ঞাপন কেনা ও পরিচালনার সুযোগ
নতুন অংশীদারত্বের ফলে তালিকাভুক্ত দেশগুলোর ব্র্যান্ড ও বিজ্ঞাপনী সংস্থাগুলো অ্যালেফের স্থানীয় কার্যালয় বা প্রতিনিধিদের মাধ্যমে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন প্রচারের জন্য চুক্তিবদ্ধ হতে পারবে। বিজ্ঞাপনদাতারা নিজ নিজ দেশের স্থানীয় মুদ্রায় বিল পরিশোধ, বিজ্ঞাপন অ্যাকাউন্ট চালুর প্রাথমিক প্রক্রিয়া (অনবোর্ডিং), প্রচারণা পরিচালনা এবং কারিগরি সহায়তা পাবেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে পেমেন্ট সুবিধা ও নির্দিষ্ট ক্ষেত্রে ঋণসুবিধাও দেবে অ্যালেফ। এর ফলে আন্তর্জাতিক মুদ্রায় লেনদেন ও বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের জটিলতা ছাড়াই স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো চ্যাটজিপিটি বিজ্ঞাপনসেবা ব্যবহারের সুযোগ পাবে। 

সিদ্ধান্ত গ্রহণের মুহূর্তে বিজ্ঞাপন পৌঁছানোর সুযোগ
অংশীদারত্ব প্রসঙ্গে ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটি এখন শুধু তথ্য অনুসন্ধানের মাধ্যম নয়; ব্যবহারকারীরা নতুন বিষয় শেখা, বিভিন্ন বিকল্প যাচাই, পণ্য ও সেবা সম্পর্কে ধারণা নেওয়া এবং কেনাকাটাসহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও এটি ব্যবহার করছেন। ফলে বিজ্ঞাপনদাতাদের জন্য এটি একটি নতুন ধরনের ডিজিটাল বিজ্ঞাপনী পরিবেশ তৈরি করেছে। অ্যালেফের সঙ্গে চুক্তির মাধ্যমে উদীয়মান বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে এই এআইভিত্তিক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করাই প্রতিষ্ঠান দুটির অন্যতম লক্ষ্য। 

 
চুক্তির আওতায় চারটি ভৌগোলিক অঞ্চলের মোট ৪৪টি বাজার অন্তর্ভুক্ত হয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চারটি বাজার হলো বাংলাদেশ, কম্বোডিয়া, হংকং ও শ্রীলঙ্কা। লাতিন আমেরিকার ১৪টি বাজার হলো আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, পানামা, প্যারাগুয়ে, পেরু, পুয়ের্তো রিকো ও উরুগুয়ে। ইউরোপ ও মধ্য এশিয়ার ১৬টি বাজার হলো আজারবাইজান, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেকিয়া, এস্তোনিয়া, হাঙ্গেরি, কাজাখস্তান, লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া, সার্বিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, ইউক্রেন ও উজবেকিস্তান। 

মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ১০টি বাজারও তালিকায়
মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের ১০টি বাজার হলো মিসর, কেনিয়া, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া, কাতার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। তবে তালিকাভুক্ত সব দেশে চ্যাটজিপিটি বিজ্ঞাপন স্থানীয় ব্যবহারকারীদের কাছে প্রদর্শিত হবে—বিষয়টি এমন নয়। ওপেনএআইয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, হংকংয়ে চ্যাটজিপিটি ও ওপেনএআইয়ের মডেল স্থানীয়ভাবে ব্যবহারযোগ্য নয়। তাই সেখানকার ব্যবসাপ্রতিষ্ঠানগুলো অনুমোদিত অংশীদারের মাধ্যমে বিজ্ঞাপনসেবা নিতে পারবে, তবে বিজ্ঞাপন প্রদর্শনের লক্ষ্য হবে যেসব দেশে চ্যাটজিপিটি অ্যাডস চালু রয়েছে। হংকংয়ের ক্ষেত্রে এ ব্যবস্থাকে বহির্মুখী (আউটবাউন্ড) বিজ্ঞাপন বাজার হিসেবে উল্লেখ করা হয়েছে। 

 
অংশীদারত্ব নিয়ে অ্যালেফের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গাস্তন তারাতুতা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে মানুষের সঙ্গে যোগাযোগের নতুন সুযোগ তৈরি করে দিচ্ছে। এখন থেকে ৪৪টি বাজারের বিজ্ঞাপনদাতারা এমন স্থানীয় দলের মাধ্যমে ওপেনএআইয়ের সঙ্গে কাজ করতে পারবেন, যারা তাদের নিজস্ব ভাষায় যোগাযোগ করবে, স্থানীয় মুদ্রায় বিল গ্রহণ করবে এবং ঋণসুবিধাও দেবে। বৈশ্বিক প্রযুক্তিকে স্থানীয় ব্যবসায়িক প্রবৃদ্ধিতে রূপান্তর করাই অ্যালেফের মূল সক্ষমতা বলে তিনি উল্লেখ করেন। 

১৩০টির বেশি বাজারে কার্যক্রম পরিচালনা করে অ্যালেফ
অ্যালেফের তথ্যমতে, প্রতিষ্ঠানটি বিশ্বের ১৩০টির বেশি দ্রুত বর্ধনশীল বাজারে ডিজিটাল মিডিয়া ও পেমেন্ট অবকাঠামো নিয়ে কাজ করছে। প্রায় ২০ বছরের অভিজ্ঞতার পাশাপাশি বিশ্বের ৫০টির বেশি শীর্ষস্থানীয় ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিষ্ঠানটির অংশীদারত্ব রয়েছে। বিশ্বের ৯০টির বেশি কার্যালয়ে কর্মরত দলের মাধ্যমে অ্যালেফ বৈশ্বিক প্রযুক্তি ও স্থানীয় বাজারের দক্ষতার সমন্বয়ে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে কার্যক্রম পরিচালনায় সহায়তা করে। এ ছাড়া ইউনেসকোর গ্লোবাল স্কিলস একাডেমি স্বীকৃত ‘ডিজিটাল অ্যাড এক্সপার্ট’ নামের শিক্ষা উদ্যোগের মাধ্যমে ডিজিটাল দক্ষতা ও অন্তর্ভুক্তি বাড়াতেও কাজ করছে প্রতিষ্ঠানটি। চ্যাটজিপিটি অ্যাডসের মাধ্যমে বিজ্ঞাপন দিতে আগ্রহী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো অ্যালেফের ওয়েবসাইটে বিস্তারিত জানতে পারবে।

 সূত্র: গ্লোবেনিউজ
 

image

আপনার মতামত দিন