কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্ভাবনা কাজে লাগাতে হলে দক্ষ জনবল তৈরি, প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর নীতিমালা প্রণয়ন জরুরি। একই সঙ্গে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, নাগরিকের গোপনীয়তা রক্ষা ও প্রযুক্তির অপব্যবহার রোধে উদ্যোগ নিতে হবে। বাংলাদেশকে এআই প্রযুক্তিতে এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন বিশিষ্টজনেরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কার্যালয়ে ‘এআই সম্ভাবনা ও প্রেক্ষাপট’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বইটির লেখক ও সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব ও ক্যাবের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান। তিনি আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সাবেক সদস্য মকবুল-ই-ইলাহী চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও আকাশ পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহীন হোসেন প্রিন্স এবং প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক ও অ্যাবেক টেকনোলজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খালিদ আবু নাসের।
প্রধান অতিথির বক্তব্যে এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘‘এআইকে ভয়ের বিষয় হিসেবে না দেখে সম্ভাবনাময় প্রযুক্তি হিসেবে গ্রহণ করতে হবে। তবে এর ব্যবহার হতে হবে দায়িত্বশীল ও সচেতনতাপূর্ণ। এআইয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে শিক্ষা, চিকিৎসা, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও সরকারি সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ জন্য তরুণ প্রজন্মকে প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। পাশাপাশি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও নাগরিকের গোপনীয়তা রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত পরিকল্পনা গ্রহণের মাধ্যমেই বাংলাদেশ এ খাতে এগিয়ে যেতে পারে।’’
বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মকবুল-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘‘এআই বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত পরিবর্তন। এই পরিবর্তনের সঙ্গে বাংলাদেশকে মানিয়ে নিতে হলে প্রযুক্তি সম্পর্কে সাধারণ মানুষের ধারণা বাড়াতে হবে। এআইয়ের সম্ভাবনা ও সীমাবদ্ধতা সহজ ভাষায় তুলে ধরা জরুরি। ‘এআই সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইটি সাধারণ পাঠক, শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও নীতিনির্ধারকদের জন্য সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।’’
অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, এআই এখন আর শুধু প্রযুক্তিবিদদের আলোচনার বিষয় নয়; এটি অর্থনীতি, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, প্রশাসন ও নাগরিক জীবনের নানা ক্ষেত্রে প্রভাব ফেলছে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মেলাতে বাংলাদেশকে এআই গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তিগত অবকাঠামো এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে। একই সঙ্গে ডিজিটাল বৈষম্য কমিয়ে শহর ও গ্রামের মানুষের জন্য প্রযুক্তি ব্যবহারের সমান সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
বইটিতে এআইয়ের বৈশ্বিক প্রেক্ষাপট, বাংলাদেশে এর বর্তমান অবস্থান, সম্ভাবনা, ঝুঁকি, নাগরিক অধিকার এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়েছে। বাংলাভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক জ্ঞানচর্চা ও সচেতনতা বাড়াতেও বইটি ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে ক্যাব ও বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, লেখক এবং বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।