অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সাইবার প্রতারণা ও স্ক্যাম থেকে সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–চালিত একগুচ্ছ নতুন নিরাপত্তা ফিচার চালুর ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। এর অংশ হিসেবে গুগল মেসেজেস অ্যাপে যুক্ত হচ্ছে ‘স্ক্যাম ডিটেকশন’ সুবিধা। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ফিচারটি চালু করলে গুগলের জেমিনাই এআই সন্দেহজনক মেসেজের ধরন ও উদ্দেশ্য বিশ্লেষণ করে ব্যবহারকারীকে সতর্ক করবে। প্রতারণামূলক বার্তা শনাক্ত হলে দ্রুত সতর্কবার্তাও পাঠাবে।
প্রতারণার কৌশল শনাক্ত করবে এআই
গুগলের মতে, প্রতারকেরা অনেক সময় ভুল নম্বরে মেসেজ পাঠানোর অজুহাতে অপরিচিত ব্যক্তির সঙ্গে কথোপকথন শুরু করে। কখনো পোষা কুকুরের ছবি পাঠানোর কথা বলে পরিচিত হওয়ার চেষ্টা করে, পরে ব্যক্তিগত তথ্য জানতে চায়। এ ধরনের কৌশলী কথোপকথন ও প্রতারণার সম্ভাব্য উদ্দেশ্য শনাক্ত করতে কাজ করবে জেমিনাই। গুগল জানিয়েছে, ব্যবহারকারীরা ফিচারটি চালু করলে উন্নত এআই মডেল স্বয়ংক্রিয়ভাবে মেসেজ বিশ্লেষণ করবে। ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় মেসেজ প্রক্রিয়াকরণের ক্ষেত্রে ‘প্রাইভেট এআই কম্পিউট’ প্রযুক্তি ব্যবহারের কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মেসেজে আসা কোনো লিংকে ক্লিক করার আগেই সেটি নিরাপদ কি না, তা যাচাইয়ে কাজ করবে ‘জেমিনাই ন্যানো’। অন-ডিভাইস প্রযুক্তির মাধ্যমে গুগল মেসেজেস অ্যাপেই লিংক পরীক্ষা করার সুবিধা থাকবে। পাশাপাশি, পিক্সেল ফোনে চালু থাকা চ্যাট নোটিফিকেশনভিত্তিক স্ক্যাম শনাক্তকরণ সুবিধা অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনেও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে গুগল। এর ফলে নোটিফিকেশনে প্রতারণামূলক বার্তা দেখা গেলেই ব্যবহারকারী সতর্ক হতে পারবেন; মেসেজ খুলে দেখার প্রয়োজন হবে না। অনর, মোটোরোলা, অপো, ওয়ানপ্লাস, রিয়েলমি, ভিভো ও শাওমির নির্বাচিত ফোনে পর্যায়ক্রমে সুবিধাটি চালুর পরিকল্পনা রয়েছে।
স্ক্রিন শেয়ারে গোপন তথ্য থাকবে সুরক্ষিত
অ্যান্ড্রয়েড ১৫ ও পরবর্তী সংস্করণের ডিভাইসে স্বয়ংক্রিয় ‘স্ক্রিন-শেয়ারিং প্রাইভেসি’ সুবিধা যুক্ত করার ঘোষণা দিয়েছে গুগল। এ সুবিধার আওতায় ক্রোম ব্রাউজার বা অ্যান্ড্রয়েড ওয়েবভিউ ব্যবহার করে স্ক্রিন শেয়ার করার সময় পাসওয়ার্ড, ব্যাংকিং তথ্য ও ক্রেডিট কার্ডের মতো সংবেদনশীল তথ্য আড়াল করা হবে। ফলে স্ক্রিন শেয়ারিং বা রেকর্ডিংয়ের সময় এসব তথ্য অন্যের কাছে প্রকাশ পাওয়ার ঝুঁকি কমবে। গুগলের পরিকল্পনা অনুযায়ী, অক্টোবরের শেষদিকে যোগ হতে যাওয়া এ সুবিধা সমর্থিত ডিভাইসগুলোতে পর্যায়ক্রমে চালু হবে।
ফোনে প্রতারণার মাধ্যমে কল ফরোয়ার্ডিং চালু করার ঝুঁকি কমাতে ‘কল ফরোয়ার্ডিং প্রোটেকশন’ সুবিধা আনছে গুগল। প্রতারকেরা অনেক সময় ব্যবহারকারীকে নির্দিষ্ট এমএমআই কোড ডায়াল করতে প্ররোচিত করে ফোনের কল অন্য নম্বরে সরিয়ে দেয়। নতুন ফিচারটি ক্ষতিকর অ্যাপের মাধ্যমে গোপনে কল ফরোয়ার্ডিং চালু হওয়া ঠেকাবে এবং সন্দেহজনক ডায়াল কোডের ক্ষেত্রে সতর্ক করবে। আগামী ডিসেম্বরের শুরুতে পিক্সেলসহ নির্বাচিত কিছু ডিভাইসে সুবিধাটি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে গুগল।
ব্রাজিলে ভুয়া ব্যাংক কল ব্লক করছে অ্যান্ড্রয়েড
ব্যাংকের পরিচয় ব্যবহার করে করা প্রতারণামূলক ফোনকল ঠেকাতে ব্রাজিলের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে কাজ করছে গুগল। এ ব্যবস্থায় অ্যান্ড্রয়েড ইনকামিং কলের সত্যতা স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে। কোনো নম্বর যাচাইয়ে ব্যর্থ হলে ফোনকলটি স্বয়ংক্রিয়ভাবে কেটে দিয়ে ব্যবহারকারীকে সতর্ক করা হবে। গুগলের দাবি, চলতি বছরের জুনে পরীক্ষামূলকভাবে চালুর পর থেকে এ ব্যবস্থায় ৩০ লাখের বেশি ভুয়া ও প্রতারণামূলক কল ব্লক করা হয়েছে। তবে ব্রাজিলের বাইরে অন্য দেশে এ সুবিধা কবে চালু হবে, সে বিষয়ে এখনো কোনো সময়সূচি জানায়নি প্রতিষ্ঠানটি। সূত্র: দ্য ভার্জ