জটিল কাজ দ্রুত ও কম খরচে করবে গুগলের নতুন এআই মডেল জেমিনাই ৪ নিওন

প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

জটিল ও সময়সাপেক্ষ কাজ দ্রুত এবং তুলনামূলক কম খরচে সম্পন্ন করার লক্ষ্যে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘জেমিনাই ৪ নিওন’ উন্মোচন করেছে গুগল। মডেলটি সফটওয়্যার তৈরি, তথ্য বিশ্লেষণ, বৈজ্ঞানিক গবেষণা এবং বিভিন্ন পেশাগত কাজে একাধিক ধাপের কার্যক্রম পরিচালনা করে দ্রুত ফলাফল দিতে সক্ষম। উন্নত যুক্তি বিশ্লেষণের পাশাপাশি কাজের দক্ষতা ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার বিষয়টিকে গুরুত্ব দিয়ে মডেলটি তৈরি করা হয়েছে।

 
গুগলের তথ্যমতে, কোড লেখা, তথ্য বিশ্লেষণ, গবেষণা ও জটিল নির্দেশনা অনুসরণের ক্ষেত্রে উন্নত সক্ষমতা দেখিয়েছে জেমিনাই ৪ নিওন। স্বাধীন এআই মূল্যায়ন প্ল্যাটফর্ম আর্টিফিশিয়াল অ্যানালাইসিস ইন্টেলিজেন্স ইনডেক্সে ৬১ স্কোর নিয়ে মডেলটি তৃতীয় অবস্থানে রয়েছে। বিশেষ করে যেসব ব্যবহারকারীর জটিল পেশাগত কাজের জন্য শক্তিশালী এআই মডেল প্রয়োজন, তবে প্রতিটি কাজে সর্বোচ্চ সক্ষমতার ব্যয়বহুল মডেল ব্যবহারের প্রয়োজন নেই, তাঁদের লক্ষ্য করেই নিওন তৈরি করা হয়েছে।

একাধিক ধাপের কাজ ও তথ্য বিশ্লেষণে দক্ষ
গুগল জানিয়েছে, একাধিক ধাপে সম্পন্ন করতে হয়-এমন জটিল কাজ পরিচালনায় দক্ষতার পরিচয় দিয়েছে জেমিনাই ৪ নিওন। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরীক্ষায় মডেলটির ভুল তথ্য বা বিভ্রান্তিকর তথ্য তৈরির প্রবণতা আগের তুলনায় কম পাওয়া গেছে। গুগল অ্যান্টিগ্র্যাভিটিতে পরিচালিত অভ্যন্তরীণ পরীক্ষায় এখন পর্যন্ত তাদের পরীক্ষিত মডেলগুলোর মধ্যে নিওনের ভুল তথ্য তৈরির হার সবচেয়ে কম। এ ছাড়া জেমিনাই ৪ কার্বনের তুলনায় প্রতি কাজের খরচও কম। ফলে দক্ষতা বজায় রেখেই জটিল কাজ তুলনামূলক সাশ্রয়ে সম্পন্ন করা সম্ভব।

 
জেমিনাই ৪ নিওন পিডিএফ ফাইল, চার্ট, অডিও ও ভিডিওসহ বিভিন্ন ধরনের তথ্য একসঙ্গে বিশ্লেষণ করতে পারে। গুগলের দাবি, এসব উপাত্ত পর্যালোচনা করে মডেলটি আর্থিক মডেল, প্রতিবেদন, গবেষণাপত্র এবং বিভিন্ন কাঠামোবদ্ধ পেশাগত নথি তৈরি করতে সক্ষম। এ জন্য মডেলটিতে সর্বোচ্চ ১০ লাখ টোকেনের কনটেক্সট উইন্ডো রয়েছে, যার মাধ্যমে বড় পরিসরের তথ্য একসঙ্গে বিশ্লেষণ করা সম্ভব।

যেভাবে ব্যবহার করা যাবে
গুগল এআই প্রো ও আলট্রা গ্রাহকেরা পর্যায়ক্রমে জেমিনাই অ্যাপ এবং গুগল অ্যান্টিগ্র্যাভিটির মাধ্যমে মডেলটি ব্যবহারের সুযোগ পাবেন। সফটওয়্যার নির্মাতারা গুগল এআই স্টুডিও ও জেমিনাই এপিআইয়ের মাধ্যমে এবং বিভিন্ন প্রতিষ্ঠান জেমিনাই ফর বিজনেসের মাধ্যমে এটি ব্যবহার করতে পারবে। তবে জেমিনাই অ্যাপে মডেলটি ব্যবহারের জন্য প্রো বা আলট্রা সাবস্ক্রিপশন প্রয়োজন হবে। ফলে বিনা মূল্যের সাধারণ ব্যবহারকারীরা সরাসরি অ্যাপের মাধ্যমে মডেলটি ব্যবহারের সুযোগ পাবেন না।
সূত্র: দ্য ভার্জ

image

আপনার মতামত দিন