প্রযুক্তি জগতে নিজেদের সবচেয়ে শক্তিশালী ওপেন-সোর্স কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল উন্মোচন করেছে মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
কোম্পানিটির দাবি, ‘মিউজ স্পার্ক ওপেন’ নামের মডেলটি যুক্তরাষ্ট্রে তৈরি এ যাবৎকালের সেরা পারফরম্যান্সের ওপেন-সোর্স এআই মডেল। সক্ষমতার পাশাপাশি মডেলটির বিশেষত্ব হলো, এটি ব্যবহারকারীর নিজস্ব কম্পিউটারেও চালানো সম্ভব বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।
অ্যাপলের ম্যাক স্টুডিওতে চলবে মডেল
সর্বশেষ ‘এমএলএক্স’ ফ্রেমওয়ার্ক ব্যবহার করে অ্যাপলের দুটি ‘এম৫ আল্ট্রা ম্যাক স্টুডিও’ কম্পিউটারের সমন্বয়ে মিউজ স্পার্ক ওপেন মডেলটি চালানো যাবে। প্রযুক্তি বিশ্বে মেটা ও অ্যাপলকে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হলেও এ মডেল চালানোর ক্ষেত্রে যৌথভাবে কাজ করেছে কোম্পানি দুটি। এ উদ্যোগের মধ্য দিয়ে ডেস্কটপ কম্পিউটারে উন্নত এআই প্রযুক্তি ব্যবহারের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
মডেলটি উন্মোচন ঘিরে দুই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর (সিইও) মধ্যে প্রকাশ্যে প্রশংসা বিনিময়ও হয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে মেটার সিইও মার্ক জাকারবার্গ লিখেছেন, জন টার্নাস ও অ্যাপল দলের যৌথ প্রচেষ্টার কারণে মিউজ স্পার্ক ওপেন নতুন ম্যাক স্টুডিওতে কাজ করছে।
জবাবে অ্যাপলের সিইও জন টার্নাস পুরো দলকে অভিনন্দন জানিয়ে বলেন, এত বড় ও উচ্চমানের এআই মডেল ডেস্কটপে এত দক্ষতার সঙ্গে চালানো দারুণ ব্যাপার। তাঁর মতে, অন-ডিভাইস এআই প্রযুক্তির সক্ষমতা ক্রমাগত বাড়ছে।
‘মা-বাবার’ সুসম্পর্কে উচ্ছ্বসিত মেটার এআই প্রধান
দুই প্রযুক্তি প্রতিষ্ঠানের সম্পর্কের উন্নতি নিয়ে রসিকতা করেছেন মেটার প্রধান এআই কর্মকর্তা আলেকজান্ডার ওয়াং। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মা ও বাবা আবারও একে অপরের সঙ্গে সুন্দর আচরণ করছে, বিষয়টি নিয়ে আমরা দারুণ রোমাঞ্চিত।’
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাস ধরেই মেটা ও অ্যাপল যৌথভাবে কাজ করছিল। দুই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে এ সহযোগিতাকে প্রযুক্তি খাতের উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
৮১৬ বিলিয়ন প্যারামিটারের মাল্টিমোডাল মডেল
মেটার তথ্য অনুযায়ী, মিউজ স্পার্ক ওপেন একটি ‘নেটিভলি মাল্টিমোডাল’ এআই মডেল, যাতে রয়েছে মোট ৮১৬ বিলিয়ন বা ৮১ হাজার ৬০০ কোটি প্যারামিটার। দীর্ঘমেয়াদি কাজ পরিচালনা, জটিল সফটওয়্যার প্রকৌশল এবং একাধিক ধাপে যৌক্তিক বিশ্লেষণ ও চিন্তাভাবনার মতো কাজে মডেলটি উল্লেখযোগ্য সক্ষমতা দেখিয়েছে বলে দাবি করেছে কোম্পানিটি। এসব সক্ষমতার কারণে ব্যক্তিগত কম্পিউটারেই উন্নত এআই ব্যবহারের সুযোগ আরও বিস্তৃত হতে পারে।
এমএলএক্স ফ্রেমওয়ার্ক নিয়ে অ্যাপলের নতুন উদ্যোগ
মিউজ স্পার্ক ওপেন উন্মোচনের সঙ্গে অ্যাপলও তাদের ‘এমএলএক্স’ প্রযুক্তি নিয়ে নতুন পোস্ট প্রকাশ করেছে। এমএলএক্স হলো অ্যাপল সিলিকন প্রসেসরের জন্য তৈরি একটি মেশিন লার্নিং ফ্রেমওয়ার্ক, যা অ্যাপলের হার্ডওয়্যারে এআই মডেল চালানোর কাজে ব্যবহৃত হয়।
মিউজ স্পার্ক ওপেনসহ আরও দুটি উন্মুক্ত এআই মডেল অ্যাপল ডিভাইসে চালাতে এ প্রযুক্তি সহায়তা করবে। ফলে এআই মডেল উন্নয়ন ও ব্যবহারের ক্ষেত্রে মেটার সফটওয়্যার এবং অ্যাপলের হার্ডওয়্যারের সমন্বয় নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। সূত্র: দ্য ভার্জ