নিজের জীবন নিয়েই তৈরি হবে টিভি অনুষ্ঠান, এআইনির্ভর চ্যানেল আনছে গুগল

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

এআইনির্ভর টিভি চ্যানেল তৈরির পরিকল্পনা করছে গুগল। চ্যানেলটির বিভিন্ন অনুষ্ঠানে প্রধান চরিত্র হিসেবে দেখা যাবে ব্যবহারকারীকে। এ জন্য ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, পছন্দ ও অভ্যাস বিশ্লেষণ করে অনুষ্ঠানের গল্প তৈরি করবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)।

ফলে ক্রিকেট বিশ্বকাপের গ্যালারিতে বসে প্রিয় দলের জন্য উল্লাস করা কিংবা রোমান্টিক, কমেডি ও রোমাঞ্চকর গল্পের প্রধান চরিত্র হিসেবে পর্দায় নিজেকেই দেখতে পারবেন ব্যবহারকারীরা। এরই মধ্যে ‘মাই চ্যানেল’ নামের এআইনির্ভর টিভি চ্যানেলটির পেটেন্টের জন্য আবেদন করেছে গুগল।

২৪ ঘণ্টা চলবে ব্যক্তিগত পছন্দের অনুষ্ঠান
গুগলের তথ্যমতে, এআইনির্ভর টেলিভিশন চ্যানেলটিতে ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী ২৪ ঘণ্টা ভিডিও তৈরি ও প্রচার করা হবে। এ জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হবে। প্রতিটি ভিডিওর প্রধান চরিত্রে থাকবেন সংশ্লিষ্ট ব্যবহারকারী। পাশাপাশি ভিডিওর মধ্যে তাঁর আগ্রহ ও পছন্দের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিজ্ঞাপনও যুক্ত করা হবে। ফলে প্রচলিত টেলিভিশন চ্যানেলের মতো একই অনুষ্ঠান সবার জন্য প্রচার না করে প্রত্যেক ব্যবহারকারীর জন্য আলাদা আধেয় তৈরি করা সম্ভব হবে।

ব্যক্তিগত তথ্য ও ছবি দিয়ে তৈরি হবে ভার্চ্যুয়াল অবতার
চ্যানেলটি মূলত ব্যবহারকারীর বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এআইনির্ভর অনুষ্ঠান তৈরি ও প্রচার করবে। এসব তথ্যের মধ্যে রয়েছে বয়সসহ ব্যক্তিগত পরিচিতি, ভিডিও দেখার ইতিহাস, ব্যবহৃত যন্ত্রের অবস্থান এবং ভাষার সেটিংস। শুধু তা–ই নয়, ব্যবহারকারীর ছবি ও কণ্ঠস্বরের নমুনা কাজে লাগিয়ে তৈরি করা হবে তাঁর একটি ভার্চ্যুয়াল অবতার। পরে এআই দিয়ে তৈরি ভিডিওর প্রধান চরিত্র হিসেবে সেই অবতারকে উপস্থাপন করা হবে। অর্থাৎ নিজের জীবন, আগ্রহ ও পছন্দের বিষয়গুলো ঘিরে তৈরি গল্পের মধ্যেই নিজেকে দেখতে পাবেন ব্যবহারকারীরা।

পেটেন্টের তথ্য অনুযায়ী, ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করে একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) বা বৃহৎ ভাষাভিত্তিক এআই মডেলকে ভিডিও তৈরির নির্দেশনা দেওয়া হবে। চ্যাটজিপিটির মতো এআই চ্যাটবট তৈরিতেও এ প্রযুক্তি ব্যবহৃত হয়। ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী এআই বিভিন্ন ধরনের অনুষ্ঠান তৈরি করতে পারবে। এর মধ্যে থাকতে পারে অপরাধ ও কমেডির মিশেলে তৈরি গল্প, রোমান্টিক কমেডি, কল্পবিজ্ঞানভিত্তিক অভিযান কিংবা অ্যাকশন ও থ্রিলারধর্মী কাহিনি। শুধু ব্যক্তিগত পছন্দের বিষয়বস্তু নয়, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের সঙ্গেও ব্যবহারকারীর আগ্রহ মিলিয়ে ভিডিও তৈরি করা সম্ভব হবে।

‘ব্ল্যাক মিরর’ সিরিজের গল্পের সঙ্গে মিল
গুগলের এই পরিকল্পনার সঙ্গে জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজ ‘ব্ল্যাক মিরর’-এর ‘জোয়ান ইজ অ্যাওফুল’ পর্বের মিল রয়েছে। ওই পর্বে দেখা যায়, জোয়ান নামের এক নারী জানতে পারেন, স্ট্রিমবেরি নামের একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম তাঁর জীবনের ঘটনাগুলো নিয়ে টিভি সিরিজ তৈরি করছে। সেখানে এআই দিয়ে তৈরি অভিনেত্রী সালমা হায়েকের একটি ভার্চ্যুয়াল সংস্করণ জোয়ানের চরিত্রে অভিনয় করছে। গুগলের প্রস্তাবিত চ্যানেলটির ধারণাতেও ব্যবহারকারীর ব্যক্তিগত জীবন ও পরিচিতিকে কেন্দ্র করে এআইনির্ভর অনুষ্ঠান তৈরির বিষয়টি উঠে এসেছে।

ব্যক্তিগত পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখাবে ‘অ্যাড স্টিচার’
গুগলের এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো ব্যবহারকারীর আগ্রহ ও পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন প্রচার করা। পেটেন্টে এ জন্য ‘অ্যাড স্টিচার’ নামের একটি প্রযুক্তির উল্লেখ রয়েছে। এ প্রযুক্তি এআই দিয়ে তৈরি ভিডিওর ধারাবাহিক প্রবাহের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বিজ্ঞাপন যুক্ত করবে। ফলে ব্যবহারকারী যে ধরনের বিষয়বস্তু দেখতে পছন্দ করেন, সেই আগ্রহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিজ্ঞাপন দেখানো সম্ভব হবে। সূত্র: দ্য ভার্জ

image

আপনার মতামত দিন