ইউটিউব ও ইনস্টাগ্রামের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে ভিডিও নির্মাতাদের জন্য একাধিক নতুন সুবিধা চালু করেছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। এসব সুবিধার মাধ্যমে নির্মাতারা সরাসরি এক্স অ্যাপ থেকেই ভিডিও ধারণ, সম্পাদনা ও প্রকাশ করতে পারবেন। ফলে ভিডিও তৈরির জন্য অন্য কোনো অ্যাপের ওপর নির্ভর করতে হবে না।
ভিডিও তৈরি ও আয় বাড়ানোর সুযোগ
এক্সের তথ্যমতে, নতুন সুবিধাগুলো ভিডিও তৈরির পাশাপাশি নিজস্ব আধেয় (কনটেন্ট) থেকে নির্মাতাদের আয়ের সুযোগ বাড়াতেও সহায়তা করবে। এসব সুবিধার বেশির ভাগই স্বল্পদৈর্ঘ্যের ভার্টিক্যাল ভিডিও তৈরি ও সম্পাদনার জন্য তৈরি করা হয়েছে। ইউটিউব ও ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতা জোরদার করা এবং ভিডিও নির্মাতাদের নিজেদের প্ল্যাটফর্মে আকৃষ্ট করতেই এ উদ্যোগ নিয়েছে এক্স।
নতুন সুবিধাগুলোর অন্যতম হচ্ছে উন্নত মিডিয়া এডিটর। এর মাধ্যমে এক্স অ্যাপ থেকেই বিভিন্ন ফরম্যাটে উচ্চ রেজল্যুশনের ভার্টিক্যাল ভিডিও তৈরি ও সম্পাদনা করা যাবে। ভিডিও ধারণের সময় একাধিক অংশে ভাগ করার পাশাপাশি গ্রিন স্ক্রিন ব্যবহার করে পটভূমি পরিবর্তনের সুযোগও থাকছে। এ ছাড়া মিডিয়া এডিটরের বিভিন্ন টুল ব্যবহার করে আড়াআড়ি (হরাইজন্টাল) ভিডিওকে খাড়া (ভার্টিক্যাল) বিন্যাসে রূপান্তর, স্বয়ংক্রিয়ভাবে ক্যাপশন তৈরি, ভিডিওর অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দেওয়া এবং পর্দায় লেখা যুক্ত করা যাবে। এমনকি ভিডিওর থাম্বনেইল নিজের পছন্দমতো নির্বাচন ও প্রকাশের আগে ছবি সম্পাদনার সুবিধাও পাওয়া যাবে।
এক পোস্টে যুক্ত করা যাবে ২০টি ছবি ও ভিডিও
ছবি ও ভিডিও প্রকাশের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে একটি পোস্টে একসঙ্গে সর্বোচ্চ ২০টি ছবি ও ভিডিও যুক্ত করার সুবিধা চালু করেছে এক্স। পোস্টে যুক্ত করা এসব ছবি ও ভিডিও দর্শকেরা আড়াআড়িভাবে সোয়াইপ করে দেখতে পারবেন। কোনো অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত, আয়োজনের নেপথ্যের দৃশ্য কিংবা নতুন পণ্যের উদ্বোধনের ছবি ও ভিডিও এক পোস্টে তুলে ধরতে পারবেন নির্মাতারা। ফলে একাধিক পোস্ট প্রকাশ না করেই একটি আয়োজনের বিস্তারিত তুলে ধরা সহজ হবে।
সাবস্ক্রাইবারদের জন্য ব্যক্তিগত গ্রুপ চ্যাট
অর্থের বিনিময়ে সাবস্ক্রাইব করা অনুসারীদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ বাড়াতে ‘সাবস্ক্রাইবার-অনলি গ্রুপ চ্যাটস’ সুবিধাও চালু করেছে এক্স। এ সুবিধার মাধ্যমে নির্মাতারা অর্থের বিনিময়ে সাবস্ক্রাইব করা অনুসারীদের নিয়ে ব্যক্তিগত গ্রুপ চ্যাট তৈরি করতে পারবেন। বর্তমানে সর্বোচ্চ ৮০০ জন সাবস্ক্রাইবার রয়েছে, এমন নির্মাতারা এ সুবিধা ব্যবহারের সুযোগ পাচ্ছেন। প্রতিটি গ্রুপ চ্যাটে সর্বোচ্চ এক হাজার সদস্য অংশ নিতে পারবেন। এর ফলে নির্মাতারা তাঁদের অর্থের বিনিময়ে সাবস্ক্রাইব করা অনুসারীদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যোগাযোগ ও মতবিনিময় করতে পারবেন। সূত্র: টেক রাডার, টেক ক্রাঞ্চ