কম খরচে উন্নত সক্ষমতা ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে ‘ক্লড ওপাস ৫.৫’ নামে নতুন এআই মডেল বাজারে এনেছে অ্যানথ্রপিক। প্রতিষ্ঠানটির দাবি, মডেলটির কার্যক্ষমতা তাদের উচ্চক্ষমতাসম্পন্ন ‘ফেইবল ৫.১’-এর সমপর্যায়ের।
নিরাপত্তায় গুরুত্ব
নতুন মডেলটি বাজারে আনার আগে স্বাধীন এআই নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান ফ্রন্টিয়ার ডিজাইন ও মেট্রের মূল্যায়নের মধ্য দিয়ে গেছে। এতে অ্যানথ্রপিকের সর্বোচ্চ সক্ষমতার এআই মডেলগুলোর জন্য ব্যবহৃত কিছু নিরাপত্তাব্যবস্থাও যুক্ত করা হয়েছে।
অ্যানথ্রপিকের দাবি, সফটওয়্যার উন্নয়নসংক্রান্ত এক মূল্যায়নে ওপাস ৫.৫ ওপেনএআইয়ের ‘জিপিটি-৫.৬ সল’-এর চেয়ে বেশি স্কোর করেছে। একই ধরনের পারফরম্যান্সে ওপাস ৫.৫-এর খরচও তুলনামূলকভাবে কম বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
কমেছে দাম
ওপাস ৫.৫-এর প্রতি ১০ লাখ ইনপুট টোকেনের দাম ৪ ডলার এবং আউটপুট টোকেনের দাম ২০ ডলার। আগের ওপাস ৫-এর তুলনায় এ দাম প্রায় ২০ শতাংশ কম। মডেলটি বিভিন্ন শীর্ষ ক্লাউড প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে।
আসছে আরও মডেল
অ্যানথ্রপিক জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ‘ক্লড সনেট ৫.৫’ ও ‘ক্লড হাইকু ৫.৫’ বাজারে আসবে। এসব মডেলেও সক্ষমতা, গতি ও নিরাপত্তায় উন্নতি থাকবে। সূত্র: রয়টার্স