বর্ষায় রাস্তায় গর্ত, বাইক চালানোর সময় যে বিষয়গুলি খেয়াল করা জরুরি

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

বর্ষা এলেই দেশের বিভিন্ন সড়কে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়। অনেক সময় পানি জমে থাকায় গর্তগুলো চোখে পড়ে না। ফলে মোটরসাইকেল চালকদের জন্য এসব গর্ত বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। 

সম্প্রতি বিভিন্ন হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কের গর্তে পড়ে হাত, পা ও কাঁধের হাড় ভাঙাসহ নানা ধরনের আঘাত নিয়ে হাসপাতালে আসা মোটরসাইকেল আরোহীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে বর্ষাকালে এ ধরনের দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এমন পরিস্থিতিতে কয়েকটি সহজ অভ্যাস দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমিয়ে দিতে পারে।

মোটরসাইকেল চালানোর সময় অনেকেই সামনে থাকা গাড়ির খুব কাছাকাছি অবস্থান করেন। এতে গাড়ির সামনে থাকা গর্ত বা প্রতিবন্ধকতা দেখার সুযোগ কমে যায়। তাই সবসময় নিরাপদ দূরত্ব বজায় রেখে চলুন। সম্ভব হলে সামনের গাড়ির একেবারে পেছনে না থেকে সামান্য ডানে বা বামে অবস্থান করুন। এতে সামনে রাস্তার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য বাড়তি সময় পাওয়া যায়। 

চার চাকার গাড়ির চাকার দাগ অনুসরণ করুন
বেশিরভাগ চার চাকার  যানবাহন রাস্তার গর্ত এড়িয়ে এমনভাবে চলে, যাতে চাকা তুলনামূলক সমতল অংশ দিয়ে যায়। তাই নিরাপদ দূরত্ব বজায় রেখে সম্ভব হলে সেই চাকার ট্র্যাক অনুসরণ করা যেতে পারে। এতে হঠাৎ গর্তে পড়ার সম্ভাবনা কিছুটা কমে। 

হঠাৎ গর্ত দেখলে আতঙ্কিত হয়ে ব্রেক করবেন না
অনেক রাইডার সামনে গর্ত দেখেই হঠাৎ জোরে ব্রেক করেন। এতে বাইকের ভারসাম্য নষ্ট হয়ে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। গর্ত চোখে পড়লে প্রথমে ধীরে ধীরে থ্রোটল ছেড়ে গতি কমান। সম্ভব হলে সোজা বাইক চালিয়ে গর্তটি অতিক্রম করুন। একই সঙ্গে হ্যান্ডেলবার শক্ত করে না ধরে স্বাভাবিক ও শিথিলভাবে ধরুন। এতে সামনের সাসপেনশন স্বাভাবিকভাবে কাজ করতে পারে এবং ধাক্কার প্রভাব কিছুটা কমিয়ে দেয়।

শরীরকে স্বাভাবিক রাখুন
গর্তে আঘাত লাগার মুহূর্তে অনেকেই ভয় পেয়ে শরীর শক্ত করে ফেলেন। এতে ধাক্কার পুরো চাপ হাত ও কাঁধে চলে আসে। শরীর যতটা সম্ভব শিথিল রাখলে বাইকের সাসপেনশন এবং আপনার হাত-পা মিলেই ধাক্কা সামলে নেওয়া সম্ভব। এতে নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি কমে।

দুর্ঘটনা ঘটলে সময় নষ্ট করবেন না
যদি দুর্ঘটনা ঘটে যায়, তাহলে মোটরসাইকেলের ক্ষতি নিয়ে ব্যস্ত না হয়ে সর্বপ্রথম আহত ব্যক্তিকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন। মাথা, ঘাড় বা হাড়ে আঘাতের ক্ষেত্রে দ্রুত চিকিৎসা শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসকদের মতে, দুর্ঘটনার পর ২০ মিনিটের মধ্যে যদি চিকিৎসা শুরু করা যায় জটিলতা কমানোর সম্ভাবনা তত বেশি থাকে।

ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে
নিজের এলাকার কোনো ছোট গর্ত যদি নিরাপদভাবে অস্থায়ীভাবে ভরাট করার সুযোগ থাকে, তাহলে স্থানীয় প্রশাসনের অনুমতি ও নিরাপত্তা নিশ্চিত করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া যেতে পারে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানোও জরুরি যাতে দ্রুত স্থায়ীভাবে সড়ক মেরামত করা হয়।

সচেতনতাই সবচেয়ে বড় সুরক্ষা
বর্ষাকালে মোটরসাইকেল চালানোর সময় অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। গতি নিয়ন্ত্রণে রাখা, নিরাপদ দূরত্ব বজায় রাখা, সার্টিফাইড হেলমেট ব্যবহার করা এবং রাস্তার অবস্থা পর্যবেক্ষণ করে চালানো- এই কয়েকটি অভ্যাসই অনেক দুর্ঘটনা এড়াতে সাহায্য করতে পারে।

একটি ছোট গর্তও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই নিজের নিরাপত্তার পাশাপাশি অন্য রাইডারদেরও সচেতন করুন। নিরাপদ রাইডিংয়ের কোনো বিকল্প নেই। সূত্র: বাইকবিডি


 

image

আপনার মতামত দিন