গত ১০ এপ্রিল রাজশাহী ধর্মপ্রদেশের মথুরাপুর ধর্মপল্লীতে দক্ষিণ ভিকারিয়ার ফাদার ও সিস্টারদের অংশগ্রহণে পাস্কা পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারী/ব্রতধারিণীদের জন্য গঠিত কমিশনের উদ্যোগে এই পাস্কা পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই পাস্কা পুর্ণমিলনী অনুষ্ঠানের মূলসুর ছিল, “আনন্দপূর্ণ পালকীয় সেবায় পুনরুত্থিত খ্রিস্ট”। এতে দক্ষিণ ভিকারিয়ার বিভিন্ন ধর্মপল্লী ও প্রতিষ্ঠানে সেবারত ২০ জন ফাদার ও সিস্টার অংশগ্রহণ করেন।
অতিথিদের আসন গ্রহণ, প্রদীপ প্রজ্জ্বলন ও মূলসুর কেন্দ্রিক প্রার্থনার মাধ্যমে সেমিনার শুরু হয়। উক্ত কমিশনের সেক্রেটারী ফাদার স্বপন পিউরীফিকেশন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
মূলসুরের উপর সহভাহিগতা করেন মথুরাপুর ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার শৈবাল ফ্রান্সিস রোজারিও। তিনি তার সহভাগিতায় বলেন, “পুনরুত্থিত যীশুকে অভিজ্ঞতা করা ও অন্তরের আনন্দ অনুভব করা আর সঙ্গে সঙ্গে সেই আনন্দ সকলের নিকট বয়ে নিয়ে যাওয়াই আমার প্রধান দায়িত্ব।”
তিনি আরো বলেন, “আমরা সবাই নিবেদিত জীবনে দায়িত্বপূর্ণভাবে পুনরুত্থিত খ্রিষ্টের আনন্দ ও শান্তির বাণী অন্যের নিকট বয়ে নিয়ে যাওয়ার সেই পবিএ আহ্বান পেয়েছি।”
“যীশুকে প্রকৃতভাবে চিনতে হলে তাঁকে গভীরভাবে জানতে হবে, সময় দিতে হবে, তাঁর সাথে হাঁটতে হবে ঠিক এম্মাউসের সেই দুইজন শিষ্যের মতো,” বলেন ফাদার রোজারিও ।
উন্মুক্ত সহভাগিতায় ফাদার ও সিস্টারগণ ধর্মপল্লীতে ও বিভিন্ন প্রতিষ্ঠানে পালকীয় সেবাদান করতে গিয়ে জীবনের আলোকিত অভিজ্ঞতা ও ঘটনা সহভাগিতা করেন যা পরস্পরের জীবনকে আলোকিত করেছে।
প্রতিবেদক: ফাদার স্বপন পিউরীফিকেশন