চট্টগ্রামে ধর্মপ্রদেশীয় যাজকদের নবায়ন কোর্স

প্রকাশ: বুধবার, ১২ অগাস্ট, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

‘১৯৯০ দশকের যাজক, একবিংশ শতাব্দীর পালক’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের ধর্মপ্রদেশীয় যাজকদের নবায়ন কোর্স অনুষ্ঠিত হয়েছে। ৩ থেকে ৮ আগস্ট চট্টগ্রামের দিয়াং ব্রাদার ফ্লাভিয়ান রিনিউয়্যাল সেন্টারে এ কোর্স অনুষ্ঠিত হয়।

১৯৯১ থেকে ১৯৯৯ সালের মধ্যে যাজক হিসেবে অভিষিক্ত বাংলাদেশের বিভিন্ন ধর্মপ্রদেশের প্রায় ২৫ জন যাজক এতে অংশ নেন।

৪ আগস্ট সকালে পালক পুরোহিত ও ধর্মপ্রদেশীয় যাজকদের প্রতিপালক সাধু জন মেরী ভিয়ান্নীর পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গের মধ্য দিয়ে নবায়ন কোর্সের উদ্বোধন করা হয়। খ্রিস্টযাগে সভাপতিত্ব করেন বাংলাদেশ ধর্মপ্রদেশীয় যাজক ভ্রাতৃসংঘের সভাপতি ফাদার মিন্টু পালমা। তিনিই কোর্সের উদ্বোধন ঘোষণা করেন।

‘১৯৯০ দশকের যাজক, একবিংশ শতাব্দীর পালক’ বিষয়ে মূল উপস্থাপনা করেন ফাদার বাবলু সরকার। উপস্থাপনার পর অংশগ্রহণকারী যাজকেরা নিজেদের অভিজ্ঞতা ও ভাবনা তুলে ধরেন।

কোর্সে ‘যাজকীয় ভ্রাতৃত্ব: যাজকতন্ত্র ও সিনোডালিটি’ বিষয়ে আলোচনা করেন ফাদার জ্যোতি ফ্রান্সিস কস্তা। যাজকীয় জীবনের আনন্দ ও সুখময়তা নিয়ে বক্তব্য দেন ফাদার স্ট্যানলী কস্তা। যাজকীয় জীবনের বর্তমান বাস্তবতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন ফাদার দিলীপ এস. কস্তা। আর যাজকীয় জীবনের বৈচিত্র্য নিয়ে আলোচনা করেন ফাদার ডমিনিক হালদার।

প্রতিটি উপস্থাপনার পর অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতার আলোকে মতামত দেন। ব্যক্তিগত সহভাগিতার মাধ্যমে তাঁরা একে অপরের অভিজ্ঞতা ও উপলব্ধি বিনিময় করেন।

নবায়ন কোর্সের অংশ হিসেবে যাজকেরা সেন্ট মেরীস স্কুল, জামালখান, জামালখান ধর্মপল্লী ও ক্যাথিড্রাল ধর্মপল্লী পরিদর্শন করেন। শেষ দিনে তাঁরা রাঙামাটি ধর্মপল্লী ও স্থানীয় মানুষের জীবনযাত্রা পরিদর্শন করেন।

রাঙামাটি ধর্মপল্লীতে খ্রিস্টযাগ উৎসর্গের মধ্য দিয়ে ধর্মপ্রদেশীয় যাজকদের এ নবায়ন কোর্সের সমাপ্তি হয়। সূত্র: আরভিএ

image

আপনার মতামত দিন