পূর্বাচলের নিকটে অবস্থিত ডিভাইন মার্সি হাসপাতাল লিমিটেডের হলরুমে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়েছে। গত ১২ মে ২০২৬ খ্রিস্টাব্দে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, শিক্ষক, হাসপাতালের নার্স ও কর্মীদের অংশগ্রহণে দিবসটি পালিত হয়।
নার্সদের মানবিক সেবা, সহানুভূতি ও আত্মত্যাগের স্বীকৃতি জানাতে প্রতি বছর দিবসটি উদযাপন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল, “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ”।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও হাসপাতালের চেয়ারম্যান মাইকেল জন গমেজ, সেক্রেটারি মঞ্জু মারিয়া পালমা, ফাদার সুব্রত বনিফাস টলেন্টিনো, ঢাকা ক্রেডিটের বোর্ড কর্মকর্তা ও কমিটির সদস্যরা, ঢাকা ক্রেডিটের সিইও জোনাস গমেজ এবং হাসপাতালের সিইও ডা. আহমেদ শফিকুল হায়দারসহ চিকিৎসক ও কর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে নার্সদের মোমবাতি হাতে শপথ নবায়ন, র্যালি এবং আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে নার্স দিবসের তাৎপর্য ও নার্সিং পেশার গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আলোচনায় মাইকেল জন গমেজ বলেন, “নার্সিং একটি মহান ও মানবিক পেশা। মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার মধ্যেই এই পেশার প্রকৃত সৌন্দর্য নিহিত।”
কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও বলেন, “নার্সিং পেশা একসময় খ্রিস্টানদের হাত ধরে বিকশিত হলেও এখন এটি আন্তর্জাতিক ও সর্বজনীন সেবামূলক পেশায় পরিণত হয়েছে।”
অন্য বক্তারা বলেন, একসময় নার্সিং পেশা নিয়ে সামাজিক নেতিবাচক ধারণা থাকলেও বর্তমানে দেশের নার্সরা আন্তর্জাতিক পর্যায়েও দক্ষতার সঙ্গে সেবা প্রদান করছেন।
একজন নার্স নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, “নার্সিং একটি সেবামূলক পেশা। ভালোবাসা ও দায়িত্ববোধ দিয়ে রোগীর পাশে দাঁড়ানোই আমাদের প্রধান কাজ।”
অনুষ্ঠানে অতিথিরা ডিভাইন মার্সি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের দেশ ও বিশ্বপরিসরে সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান।
উল্লেখ্য, আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতি বছর ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়। ১৯৭৪ সালে ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস (আইসিএন) দিনটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে ঘোষণা করে। সূত্র: ডিসি নিউজ