ঢাকা মহাধর্মপ্রদেশের অন্তর্গত ভাদুন ধর্মপল্লীতে গির্জার প্রতিপালক উত্তম মেষপালকের পর্ব দিবস উদযাপন করা হয়েছে। গত ৮ মে ২০২৬ খ্রিস্টাব্দে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ পর্ব পালিত হয়।
পর্ব দিবস উপলক্ষে খ্রিস্টভক্তরা নয়দিনব্যাপী আধ্যাত্মিক প্রস্তুতি গ্রহণ করেন। নভেনা প্রার্থনা, পাপস্বীকারের সাক্রামেন্ট গ্রহণ এবং নিরামিষ ভোজ পালনের মাধ্যমে তারা পর্বের জন্য নিজেদের প্রস্তুত করেন।
পর্ব দিবসের প্রধান পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন মন্সিনিয়র গাব্রিয়েল কোড়াইয়া। এতে উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার সেন্টু কস্তা, বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত প্রায় নয়জন যাজক, বিভিন্ন সম্প্রদায়ের সিস্টার, ব্রাদার, সেমিনারিয়ান এবং বিপুলসংখ্যক খ্রিস্টভক্ত। দিনটিতে দুটি পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করা হয়।
পর্বীয় খ্রিস্টযাগের উপদেশ বাণীতে মন্সিনিয়র গাব্রিয়েল কোড়াইয়া বলেন, “প্রভু যীশু উত্তম মেষপালক হিসেবে নিজেকে আমাদের কাছে প্রকাশ করেছেন, যেন আমরা তাঁকে চিনতে, জানতে, সেবা করতে এবং ভালোবাসতে পারি।”
তিনি আরও বলেন, “যীশু পাঁচ হাজার মানুষকে আহার করানোর পর নিজেকে জীবনময় খাদ্য হিসেবে ঘোষণা করেছিলেন। সেই জীবনময় খাদ্যরূপে তিনি প্রতিটি খ্রিস্টযাগে রুটি ও পানীয়ের মাধ্যমে আমাদের মাঝে উপস্থিত থাকেন।”
তিনি বলেন, “মানবজাতির জন্য যীশু নিজের জীবন উৎসর্গ করেছেন। ক্রুশবিদ্ধ হওয়ার মধ্য দিয়ে তিনি উত্তম মেষপালকের প্রকৃত উদাহরণ স্থাপন করেছেন। আমরা যেন তাঁর আদর্শ ধারণ করে সেই অনুযায়ী জীবনযাপন করতে পারি-এটাই আমাদের প্রার্থনা।”
পবিত্র খ্রিস্টযাগ শেষে ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার সেন্টু কস্তা পর্ব উদযাপন কমিটি, আগত ফাদার ও সিস্টারসহ সকল খ্রিস্টভক্তকে ধন্যবাদ জানান।
শেষ আশীর্বাদ, পর্বীয় প্রার্থনা কার্ড ও আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সূত্র: আরভিএ