শিক্ষার্থীদের দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন করায় শিক্ষককে শোকজ

প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

চলমান এসএসসি পরীক্ষার উত্তরপত্র (ওএমআর) মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার অভিযোগে মো. সাইফুল ইসলাম নামের এক শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। তিনি টাঙ্গাইলের বহুরিয়া চতল বাইদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক।

মঙ্গলবার (১৯ মে) শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের (বিষয় কোড-১০৭) উত্তরপত্রে শিক্ষার্থীদের দিয়ে বৃত্ত ভরাট করানোর ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও উল্লেখ করা হয়।

এ ঘটনায় কেন তাঁর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান পরীক্ষক বা পরীক্ষক ছাড়া অন্য কোনো ব্যক্তি, শিক্ষার্থী কিংবা পরিবারের সদস্য দিয়ে উত্তরপত্রের বৃত্ত পূরণ বা মূল্যায়নের কাজ করানো শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে শিক্ষা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি পরীক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করা হয়।

image

আপনার মতামত দিন