অ্যাপল ইন কর্পোরেটেড তাদের আসন্ন আইফোন ১৮ সিরিজে নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন প্রজন্মের ৫জি মডেম ব্যবহারের পরিকল্পনা করছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন স্মার্টফোন হার্ডওয়্যার নিয়ন্ত্রণে অ্যাপলের দীর্ঘমেয়াদি কৌশলের গুরুত্বপূর্ণ ধাপ হতে যাচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা শুধু দ্রুতগতির ইন্টারনেটই নয়, বরং আরও উন্নত ব্যক্তিগত নিরাপত্তা ও ডেটা সুরক্ষা সুবিধা পাবেন।
কোয়ালকম নির্ভরতা কমানোর কৌশল
বর্তমানে আইফোনে ব্যবহৃত অধিকাংশ সেলুলার মডেম সরবরাহ করে Qualcomm। তবে ভবিষ্যতে অ্যাপল নিজস্ব সি-টু (C2) মডেম ব্যবহারের মাধ্যমে বাইরের প্রযুক্তি নির্ভরতা কমাতে চায়। এই উদ্যোগ অ্যাপলের নিজস্ব চিপ ডিজাইন ইকোসিস্টেম। যেমন, A-সিরিজ ও M-সিরিজ প্রসেসরের মতো আরও শক্তিশালী করবে।
কম ব্যাটারি খরচে দ্রুত সংযোগ
নতুন মডেমটির অন্যতম বড় সুবিধা হচ্ছে শক্তি দক্ষতা। উন্নত নেটওয়ার্ক অপ্টিমাইজেশনের কারণে কম ব্যাটারি ব্যবহার করেই দ্রুত ডেটা আদান-প্রদান সম্ভব হবে।
ফলে দীর্ঘ সময় ইন্টারনেট ব্যবহার, ভিডিও স্ট্রিমিং কিংবা ক্লাউড সেবা ব্যবহারের ক্ষেত্রেও ব্যাটারি পারফরম্যান্স উন্নত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
লোকেশন প্রাইভেসিতে বড় পরিবর্তন
নতুন মডেমে যুক্ত করা হয়েছে উন্নত নিরাপত্তা প্রোটোকল, যা ব্যবহারকারীর সুনির্দিষ্ট অবস্থান তথ্য সুরক্ষিত রাখবে। অ্যাপলের নতুন ‘Limit Precise Location’ ফিচারের মাধ্যমে মোবাইল অপারেটররা ব্যবহারকারীর নির্ভুল ঠিকানা জানতে পারবে না; বরং শুধুমাত্র আনুমানিক অবস্থান দেখতে পারবে।
তবে ম্যাপ, নেভিগেশন এবং জরুরি কলের ক্ষেত্রে প্রয়োজনীয় সঠিক লোকেশন তথ্য আগের মতোই নির্ভুলভাবে কাজ করবে।
অন-ডিভাইস এআই হবে আরও শক্তিশালী
এই মডেম সরাসরি সহায়তা করবে অ্যাপলের অন-ডিভাইস কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম Apple Intelligence-কে।
ক্লাউড নির্ভরতা কমিয়ে ডেটা ডিভাইসেই প্রসেস করার ফলে-
>>ব্যক্তিগত তথ্য বাইরে যাওয়ার ঝুঁকি কমবে
>>দ্রুত এআই রেসপন্স পাওয়া যাবে
>>অফলাইন বা কম নেটওয়ার্কেও স্মার্ট ফিচার কার্যকর থাকবে
এছাড়া ভয়েস কল ও ডেটা ব্যবহারে উন্নত এনক্রিপশন প্রযুক্তি যুক্ত হওয়ায় সাইবার নিরাপত্তা আরও জোরদার হবে।
থার্ড-পার্টি ডেটা ট্র্যাকিংয়ে কঠোর নিয়ন্ত্রণ
অ্যাপল নতুন মডেম ডিজাইনে এমন ব্যবস্থা যুক্ত করছে, যাতে থার্ড-পার্টি অ্যাপ বা টেলিকম অপারেটররা সহজে ব্যবহারকারীর ব্রাউজিং ডেটা সংগ্রহ করতে না পারে।
এটি ভবিষ্যতের স্মার্টফোনে প্রাইভেসি-ফার্স্ট কানেক্টিভিটি ধারণাকে আরও শক্তিশালী করবে।
সীমিত দেশে পরীক্ষামূলক কার্যক্রম
প্রতিবেদন অনুযায়ী, উন্নত নেটওয়ার্ক ফিচারগুলো বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও থাইল্যান্ডসহ কয়েকটি দেশের নেটওয়ার্কে পরীক্ষামূলকভাবে চালু রয়েছে।
অন্যদিকে ভারতে সরাসরি স্যাটেলাইট-টু-ফোন সেবা চালুর ক্ষেত্রে ছোট অ্যান্টেনা ও সিগন্যাল সীমাবদ্ধতার মতো প্রযুক্তিগত চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে।
আইফোন ১৮ প্রো ও ভবিষ্যতের ফোল্ডেবল আইফোনে আসতে পারে
ধারণা করা হচ্ছে, অ্যাপলের নতুন মডেম প্রথমে আইফোন ১৮ প্রো মডেলে দেখা যাবে। পাশাপাশি ভবিষ্যতের ভাঁজযোগ্য বা ফোল্ডেবল আইফোনেও এটি ব্যবহার করা হতে পারে, যেখানে মিলিমিটার-ওয়েভ সমর্থিত অতি-দ্রুত ৫জি সংযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।