আধুনিক ডিজিটাল যুগে রিলস, শর্টসসহ শর্ট-ফর্ম ভিডিও তরুণদের বিনোদনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। তবে সম্প্রতি ঢাকা শহরের কলেজ শিক্ষার্থীদের ওপর পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত ভিডিও দেখার ফলে শিক্ষার্থীদের মধ্যে মনোযোগের ঘাটতি এবং ADHD-সদৃশ উপসর্গের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
গবেষক আনজুমান আরা আল জন্নাতি এই ক্রস-সেকশনাল গবেষণাটি পরিচালনা করেন। এতে ১৪ থেকে ২১ বছর বয়সী মোট ৩০৫ জন কলেজ শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীদের ADHD-সদৃশ উপসর্গ মূল্যায়নের জন্য World Health Organization-এর Adult ADHD Self-Report Scale (ASRS v1.1) ব্যবহার করা হয়।
গবেষণার ফলাফলে দেখা যায়, মোট অংশগ্রহণকারীদের মধ্যে ৪৩.৩% শিক্ষার্থী ADHD-সদৃশ উপসর্গের জন্য পজিটিভ স্ক্রিনিং হয়েছে। যারা দিনে ৪ ঘণ্টা বা তার বেশি সময় ভিডিও দেখেন, তাদের মধ্যে এই হার ৬০%। বিপরীতে, যারা দিনে ১ ঘণ্টা বা তার কম সময় ভিডিও দেখেন, তাদের মধ্যে মাত্র ১৫% শিক্ষার্থী পজিটিভ স্ক্রিনিং হয়েছে।
গবেষক আনজুমান আরা আল জন্নাতি বলেন, “অতিরিক্ত ডিজিটাল ভিডিও দেখার অভ্যাস শিক্ষার্থীদের মনোযোগ, স্মৃতিশক্তি এবং দৈনন্দিন কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আমাদের গবেষণার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং ডিজিটাল ব্যবহারে সঠিক সীমা নির্ধারণে সহায়তা করা।”
গবেষণার তথ্যগুলো Zenodo এবং Research Square ডেটাসেটে সংরক্ষিত রয়েছে এবং Creative Commons Attribution 4.0 International লাইসেন্সের আওতায় প্রকাশিত হয়েছে।