যুক্তরাষ্ট্রে কার্যক্রম সংকুচিত করছে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। এর অংশ হিসেবে ২৫০ কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি ন্যাশভিলে অবস্থিত একটি অফিস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। ওই অফিসে টিকটকের কনটেন্ট মডারেশন দলের সদস্যরা কাজ করতেন। বিষয়টি প্রথম জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।
টিকটক ইউএসডিএস জয়েন্ট ভেঞ্চারের মুখপাত্র জাননা ক্রাউলি এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘কার্যক্রম আরও সহজ করতে এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘টিকটকে যারা কনটেন্ট তৈরি, খোঁজ এবং সংযোগ স্থাপন করেন, যুক্তরাষ্ট্রের সেই ২০০ মিলিয়ন ব্যবহারকারীর জন্য নিরাপদ, সুরক্ষিত ও ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো এখন সহিংস বা অশ্লীল কনটেন্ট শনাক্ত ও অপসারণে ক্রমশ কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভরশীল হয়ে উঠছে। এই প্রেক্ষাপটেই এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত এসেছে।
২০২৪ সালে ভাড়া নেওয়া ন্যাশভিল অফিসটি আগামী ৫ অক্টোবর বন্ধ হয়ে যাবে। সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস