ক্যাপচা যাচাই করতে গিয়ে ব্যবহারকারীদের প্রায়ই সাইকেল, গাড়ি কিংবা ট্রাফিক বাতির ছবি বেছে নিতে হয়, যা অনেকের কাছেই সময়সাপেক্ষ ও বিরক্তিকর। এ অভিজ্ঞতা সহজ করতে নতুন সমাধান নিয়ে কাজ করছে গুগল। প্রচলিত পদ্ধতির পরিবর্তে কিউআর কোডভিত্তিক যাচাই চালুর পরিকল্পনা করা হলেও, এতে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
কিউআর কোডভিত্তিক নতুন যাচাই ব্যবস্থা
ইন্টারনেটে ছড়িয়ে পড়া কয়েকটি স্ক্রিনশট থেকে জানা গেছে, গুগল নতুন প্রজন্মের রিক্যাপচা প্রযুক্তি নিয়ে কাজ করছে। সেখানে প্রচলিত ছবিভিত্তিক যাচাইয়ের পরিবর্তে ব্যবহারকারীকে স্মার্টফোন দিয়ে একটি কিউআর কোড স্ক্যান করতে হতে পারে। এরপর ফোনে থাকা গুগল প্লে সার্ভিসেসের মাধ্যমে যাচাই করা হবে ব্যবহারকারী প্রকৃত মানুষ কি না।
যদিও পুরো প্রক্রিয়াটি কীভাবে কাজ করবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি গুগল। তবে প্রাথমিক তথ্য বিশ্লেষণ করে প্রযুক্তিবিষয়ক বিশ্লেষকেরা ধারণা করছেন, এ ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীর ফোন ও ওয়েব কার্যক্রমের মধ্যে সরাসরি একটি সংযোগ তৈরি হতে পারে। আর সেখান থেকেই গোপনীয়তা নিয়ে উদ্বেগের সূত্রপাত।
রেডিট পোস্টে শুরু গোপনীয়তা বিতর্ক
সামাজিক যোগাযোগমাধ্যম রেডিট-এ প্রকাশিত একটি পোস্টে প্রথম বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। ‘গিব মি গোল্ড’ নামের এক ব্যবহারকারী ডি-গুগল সাবরেডিটে দাবি করেন, ভবিষ্যতে ছবি দেখে যানবাহন বা বিভিন্ন বস্তু শনাক্ত করার বদলে কিউআর কোড স্ক্যানের মাধ্যমেই ব্যবহারকারী যাচাই করা হতে পারে। নতুন এ পদ্ধতি প্রথম দেখায় সুবিধাজনক বলেই মনে হতে পারে। কারণ, এতে ব্যবহারকারীদের আর বারবার বিরক্তিকর ছবি নির্বাচন করে ক্যাপচা পূরণ করতে হবে না।
তবে এর বিনিময়ে ব্যবহারকারীর ওয়েব কার্যক্রম সরাসরি অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে সার্ভিসেসের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ কোনো ওয়েবসাইটে প্রবেশের সময় ব্যবহারকারীর ফোন ও ব্রাউজিং কার্যক্রমের মধ্যে একটি সম্পর্ক তৈরি হবে। এমনকি ব্রাউজারে গুগল অ্যাকাউন্টে সাইন-ইন না থাকলেও এ সংযোগ ঘটতে পারে। কারণ, অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে সার্ভিসেস ব্যবহারের জন্য সাধারণত ব্যবহারকারীকে গুগল অ্যাকাউন্টে যুক্ত থাকতে হয়।
ডি-গুগলড ফোন ব্যবহারকারীদের শঙ্কা
নতুন এ পদ্ধতি ডি-গুগলড ফোন ব্যবহারকারীদের জন্য নতুন সমস্যাও তৈরি করতে পারে। GrapheneOS-এর মতো কাস্টম রম ব্যবহার করা অনেক ফোনে গুগলের অ্যাপ বা গুগল প্লে সার্ভিসেস থাকে না। ফলে সেসব ডিভাইসে কিউআর কোডভিত্তিক যাচাইয়ের পদ্ধতি কার্যকর না-ও হতে পারে। সূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি, ইন্ডিয়া টুডে