অ্যান্ড্রয়েড ফোনে পাঁচটি নতুন সুবিধা আনছে গুগল। এর মধ্যে রয়েছে চলন্ত গাড়িতে ফোন ব্যবহারের অস্বস্তি কমানো, দৃষ্টিপ্রতিবন্ধী ও কম দৃষ্টিশক্তির মানুষকে সহায়তা এবং গুরুত্বপূর্ণ জিনিস কোথায় রাখা হয়েছে তা মনে রাখার সুবিধা। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সুবিধাগুলোর কয়েকটিতে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি জেমিনি ব্যবহার করা হয়েছে।
চলন্ত গাড়িতে অস্বস্তি কমাবে মোশন অ্যাসিস্ট
নতুন সুবিধাগুলোর মধ্যে অন্যতম ‘মোশন অ্যাসিস্ট’। চলন্ত গাড়িতে ফোন ব্যবহারের সময় পর্দায় একটি বাবল বা বুদবুদ নড়াচড়া করবে। গাড়ির গতির সঙ্গে বাবলের নড়াচড়া মিলিয়ে শরীর ও চোখের অনুভূতির অসামঞ্জস্য কমানোর চেষ্টা করা হবে। সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে চালু করা যাবে। কুইক সেটিংস থেকেও এটি নিয়ন্ত্রণ করা যাবে। পাশাপাশি বাবলের আকার, রং ও স্বচ্ছতা পরিবর্তনের সুযোগ থাকবে। অ্যান্ড্রয়েড ১৭ ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন।
দৃষ্টিপ্রতিবন্ধীদের সহায়তায় গাইডেড ভিশন
দৃষ্টিপ্রতিবন্ধী ও কম দৃষ্টিশক্তির মানুষের জন্য ‘গাইডেড ভিশন’ সুবিধা আনছে গুগল। ফোনের ক্যামেরা ও জেমিনি ব্যবহার করে ছোট লেখা পড়া, অন্ধকারে মেনু দেখা এবং আশপাশের বিভিন্ন বস্তু শনাক্ত করা যাবে। ক্যামেরা সঠিকভাবে ধরা না হলে ব্যবহারকারীকে কণ্ঠস্বরের মাধ্যমে ফোন সরানো বা কোনো বস্তুকে ফ্রেমের মাঝখানে আনার নির্দেশও দেবে গাইডেড ভিশন। অ্যান্ড্রয়েড ৯ ও পরবর্তী সংস্করণে জেমিনি চালু থাকা দেশগুলোতে এ সুবিধা পাওয়া যাবে।
কোথায় কী রেখেছেন মনে রাখবে জেমিনি
গুরুত্বপূর্ণ জিনিস কোথায় রাখা হয়েছে, তা মনে রাখতেও জেমিনিকে ব্যবহার করা যাবে। ফাইন্ড হাবের ‘রিমেম্বারড আইটেমস’ বিভাগে কোনো জিনিসের অবস্থান সংরক্ষণ করা যাবে। যেমন, পাসপোর্ট শোবার ঘরের ড্রয়ারে রাখা হয়েছে-এ তথ্য জানালে সেটি সংরক্ষণ করে রাখবে সিস্টেম। চাইলে এর সঙ্গে ছবিও যুক্ত করা যাবে। ফলে পরে প্রয়োজনের সময় সহজেই জেনে নেওয়া যাবে জিনিসটি কোথায় রাখা হয়েছিল।
গুগল মেসেজেসে কিপ ও নতুন কাস্টমাইজেশন
গুগল মেসেজেসে যুক্ত হচ্ছে গুগল কিপ। এর ফলে কথোপকথনের মধ্যেই বাজারের তালিকা, ভ্রমণের নোটসহ বিভিন্ন তথ্য ভাগাভাগি ও সম্পাদনা করা যাবে। একই সঙ্গে আলাদা কথোপকথনের জন্য পটভূমি, ছবি ও রং পরিবর্তনের সুবিধাও আসছে। বার্তার বুদবুদের রং স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত পটভূমির সঙ্গে মিলিয়ে দেওয়ার সুবিধাও থাকবে।
আইফোনের পর অ্যান্ড্রয়েডেও একই উদ্যোগ
চলন্ত গাড়িতে ফোন ব্যবহারের অস্বস্তি কমানোর জন্য একই ধরনের প্রযুক্তি আগেই এনেছিল অ্যাপল। ২০২৪ সালে আইফোনে ‘ভেহিকল মোশন কিউস’ নামে সুবিধাটি চালু করা হয়। এবার অ্যান্ড্রয়েডে ‘মোশন অ্যাসিস্ট’ সুবিধার মাধ্যমে একই ধরনের সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছে গুগল। এর পাশাপাশি জেমিনির ব্যবহার বাড়িয়ে ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ আরও সহজ করার দিকে নজর দিচ্ছে প্রতিষ্ঠানটি। সূত্র: টেক ক্রাঞ্চ, দ্য ভার্জ