২০২২ সালেও শিবন জিলিসের প্রযুক্তি বিশ্বে পরিচিত ছিলেন ইলন মাস্ক-এর ঘনিষ্ঠ সহযোগী এবং ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে। তবে সে সময় তিনি লুকিয়ে রেখেছিলেন এক ব্যক্তিগত অধ্যায়, তাঁর সন্তানদের পিতা ছিলেন ইলন মাস্ক। তাঁদের যমজ সন্তানের জন্ম হয়েছিল তারও এক বছর আগে। বর্তমানে মাস্ক ও জিলিসের সম্পর্ক ওপেনএআইকে ঘিরে চলমান আইনি সংঘাতের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ৬ মে ওকল্যান্ডের ফেডারেল আদালতে দেওয়া সাক্ষ্যে জিলিস জানান, সংকটকালীন সময়ে তিনি মাস্ক ও ওপেনএআই নেতৃত্বের মধ্যে তথ্য বিনিময়ের প্রধান মাধ্যম হিসেবে ভূমিকা পালন করেছিলেন।
ওপেনএআইয়ের বিরুদ্ধে মাস্কের মামলা
গত মাসের শেষ দিকে ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও অন্যতম অর্থদাতা ইলন মাস্ক প্রতিষ্ঠানটি এবং এর কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেন। মাস্কের অভিযোগ, স্যাম অল্টম্যান ও অন্যরা তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। জনকল্যাণমূলক অলাভজনক লক্ষ্য থেকে সরে এসে নিজেদের আর্থিকভাবে লাভবান করার জন্য ওপেনএআইকে লাভজনক কাঠামোয় রূপান্তর করা হয়েছে। জিলিস শুরুতে এই মামলায় মাস্কের সহ-বাদী থাকলেও বিচারপ্রক্রিয়া শুরুর আগে নিজের নাম প্রত্যাহার করে নেন।
ওপেনএআইয়ের পাল্টা অভিযোগ
ওপেনএআই মাস্কের দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, মাস্ক নিজেই বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানটিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের চাপ দিয়েছিলেন। তাদের অভিযোগ, প্রতিষ্ঠানের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়ায় মাস্ক এই মামলা করেছেন। ২০১৮ সালে মাস্ক ওপেনএআই ত্যাগ করেন। বর্তমানে তিনি তাঁর নিজস্ব এআই প্রতিষ্ঠান এক্সএআই নিয়ে কাজ করছেন।
আদালতে উপস্থাপিত গুরুত্বপূর্ণ বার্তা
আদালতে পেশ করা প্রমাণ অনুযায়ী, ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদে থাকাকালে জিলিস জানতেন মাস্ক একটি প্রতিদ্বন্দ্বী কোম্পানি গঠনের পরিকল্পনা করছেন। তাঁর একটি মেসেজে লেখা ছিল, ‘যখন তোমার সন্তানদের বাবা একটি প্রতিদ্বন্দ্বী উদ্যোগ শুরু করে এবং ওপেনএআই থেকে লোক নিয়োগ করার চেষ্টা করেন, তখন আর কিছুই করার থাকে না।’ আদালত এই বার্তাকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে গ্রহণ করেছে।
লাভজনক কাঠামো নিয়ে পুরোনো আলোচনা
২০১৭ সালের দিকে ওপেনএআইয়ের অর্থসংকট সমাধানে টেসলার সঙ্গে একীভূত হওয়া বা লাভজনক কাঠামো তৈরির বিষয়ে জিলিস ও মাস্কের মধ্যে আলোচনা হয়েছিল। এখন ওপেনএআইয়ের আইনজীবীরা প্রমাণ করার চেষ্টা করছেন, জিলিস ও মাস্ক শুরু থেকেই লাভজনক কাঠামোর পক্ষে ছিলেন। অন্যদিকে মাস্কের আইনজীবীরা জিলিসের সাক্ষ্যের মাধ্যমে দেখাতে চেয়েছেন, তিনিও মনে করতেন ওপেনএআই মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে।
বোর্ড ছাড়ার পরও যোগাযোগ অব্যাহত
২০১৮ সালে মাস্ক বোর্ড ত্যাগ করার পর জিলিস তাঁকে বার্তা পাঠিয়ে জানতে চেয়েছিলেন, তিনি কি ওপেনএআইয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে তথ্যের প্রবাহ চালু রাখবেন, নাকি সম্পর্ক ছিন্ন করবেন। মাস্ক তাঁকে সম্পর্ক বজায় রাখতে বলেছিলেন। সে সময় মাস্ক ওপেনএআইয়ের কয়েকজন কর্মীকে টেসলায় নেওয়ারও চেষ্টা করছিলেন।
ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভ্রান্তি
ওপেনএআইয়ের প্রেসিডেন্ট Greg Brockman গত সোমবার সাক্ষ্য দিয়ে জানান, জিলিস তাঁদের বলেছিলেন যে মাস্কের সঙ্গে তাঁর সম্পর্ক কেবল অবৈষয়িক বন্ধুত্বের। তাই বোর্ড তাঁকে সদস্য হিসেবে থাকতে দেয়। ব্রকম্যানসহ অন্যরা জিলিসের ব্যক্তিগত সম্পর্কের গভীরতা সম্পর্কে অনেক পরে জানতে পারেন।
মাইক্রোসফটের বিনিয়োগে বদলে যায় দৃষ্টিভঙ্গি
জিলিস তাঁর সাক্ষ্যে বলেন, মাস্কের সঙ্গে তাঁর সম্পর্ক বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালনে প্রভাব ফেলেনি। তবে মাইক্রোসফটের ১ হাজার কোটি ডলারের বিনিয়োগ এবং ২০২৩ সালে স্যাম অল্টম্যানকে পুনরায় সিইও হিসেবে ফিরিয়ে আনার ঘটনায় তাঁর দৃষ্টিভঙ্গি বদলে যায়। জিলিসের ভাষায়, ‘মানবতার কল্যাণের জন্য আমরা অলাভজনক কাঠামো নিয়ে যা গড়ে তুলেছিলাম, তা যেন ছিঁড়ে ফেলা হয়েছে।’
শিবন জিলিসের পেশাগত ও ব্যক্তিগত যাত্রা
শিবন জিলিস মাস্কের সঙ্গে পরিচিত হওয়ার আগেই একজন সফল ভেঞ্চার ক্যাপিটালিস্ট ছিলেন। ২০১৬ সালে ওপেনএআইয়ের উপদেষ্টা হিসেবে কাজ করতে গিয়ে মাস্কের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তিনি টেসলা, নিউরালিংক এবং এক্সএআইতে উচ্চপদে দায়িত্ব পালন করেন। মাস্ক তাঁকে তাঁর ‘চিফ অব স্টাফ’ হিসেবে বর্ণনা করেছেন। ২০২০ সালের শেষ দিকে মাস্ক তাঁকে সন্তান গ্রহণের প্রস্তাব দেন। জিলিস জানান, মাস্ক তাঁর আশপাশের মানুষদের সন্তান নিতে উৎসাহিত করতেন এবং নিজেই স্পার্ম ডোনার হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। ২০২১ সালে আইভিএফ পদ্ধতিতে তাঁদের যমজ সন্তানের জন্ম হয়। একটি গোপন চুক্তির কারণে জিলিসের বাবাও সন্তানদের পিতার পরিচয় জানতেন না। ২০২২ সালে বিজনেস ইনসাইডার এ খবর প্রকাশ করে। পরে তাঁদের আরও দুই সন্তানের জন্ম হয়। বর্তমানে তাঁরা টেক্সাসের অস্টিনে বসবাস করছেন।
মামলার রায় নিয়ে প্রযুক্তি বিশ্বে আগ্রহ
এখনো মামলা নিয়ে আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে, এই মামলার রায় এআই প্রযুক্তির ভবিষ্যৎ দৌড়ে বড় প্রভাব ফেলতে পারে। মাস্ক জয়ী হলে আদালত ওপেনএআইকে পুনরায় অলাভজনক কাঠামোয় ফিরিয়ে নিতে এবং স্যাম অল্টম্যান ও গ্রেগ ব্রকম্যানকে বোর্ড থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিতে পারেন। সূত্র: সিএনএন, বিজনেস ইনসাইডার, ওপেনএআই