বিশ্বব্যাপী উন্মোচনের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই গুগল আর্থের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ছবি তৈরির ফিচার বন্ধ করে দিয়েছে গুগল।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, স্যাটেলাইট ছবিতে ভুয়া ও বিভ্রান্তিকর দৃশ্য তৈরি হওয়ার ঝুঁকি এবং ব্যবহার নীতিমালা লঙ্ঘনের অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি দ্রুত ফিচারটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
গুগলের ব্যাখ্যা
৩১ জুলাই প্রকাশিত এক বিবৃতিতে গুগল জানায়, ভূ-স্থানিক (Geospatial) পেশাজীবীরা ফিচারটি বিভিন্ন ইতিবাচক কাজে ব্যবহার করলেও কিছু ব্যবহারকারী এমন স্ক্রিনশট শেয়ার করেছেন, যা কোম্পানির নীতিমালা ভঙ্গ করেছে। তাই আরও কার্যকর নিরাপত্তা ও সুরক্ষাব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত গুগল আর্থ থেকে ফিচারটি সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছে।
যেভাবে কাজ করার কথা ছিল
৩০ জুলাই উন্মোচিত এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা গুগল আর্থের স্যাটেলাইট, আকাশ থেকে তোলা ও থ্রিডি ছবির পাশাপাশি গুগলের ‘ন্যানো ব্যানানা’ এআই মডেল ব্যবহার করে কাস্টম ছবি তৈরি করতে পারতেন।
গুগল আর্থের প্রোডাক্ট ম্যানেজার ব্রায়ান হোরোভিটজ জানান, কোনো স্থানে জুম করে Create Image অপশনে গিয়ে ব্যবহারকারী যা দেখতে চান, তা লিখলেই এআই সেই অনুযায়ী ছবি তৈরি করত। গুগলের দাবি ছিল, শিক্ষা, ইতিহাসচর্চা ও রিয়েল এস্টেটসহ বিভিন্ন খাতে এ প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারে।
বিশেষজ্ঞদের উদ্বেগ
ফিচারটি চালুর পরপরই সাংবাদিক, গবেষক এবং ওপেন-সোর্স গোয়েন্দা বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তাদের মতে, স্যাটেলাইট ছবি তথ্য যাচাই, যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণ এবং অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্বপূর্ণ উৎস। সেখানে সহজেই কৃত্রিম ছবি যুক্ত করার সুযোগ তৈরি হলে ভুয়া তথ্য, অপপ্রচার এবং বিভ্রান্তি ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেক বেড়ে যাবে।
অপব্যবহারের উদাহরণ সামনে আসে
ওয়াশিংটন পোস্টের ভিজ্যুয়াল ফরেনসিক বিশেষজ্ঞ ইভান হিল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, প্রযুক্তিটির অপব্যবহার ও অপতথ্য ছড়ানোর সুযোগ ছিল প্রায় সীমাহীন। একই ধরনের উদ্বেগ প্রকাশ করেন ওপেন-সোর্স গবেষক হেনক ভ্যান এস।
তিনি দাবি করেন, মেক্সিকো সীমান্তে শরণার্থী সংকট, ইরানের পারমাণবিক স্থাপনা, আমস্টারডামে বিমান দুর্ঘটনা কিংবা গাজার একটি হাসপাতালে বোমা হামলার মতো কাল্পনিক দৃশ্য তৈরি করার অনুরোধও এআই প্রত্যাখ্যান করেনি। এদিকে এনপিআর ও বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমও টুলটির মাধ্যমে তৈরি ভুয়া দুর্যোগের ছবি প্রকাশ করে সম্ভাব্য ঝুঁকির বিষয়টি তুলে ধরে।
গুগলের অবস্থান
সমালোচনার জবাবে গুগল জানিয়েছে, এআই দিয়ে তৈরি ছবিগুলো গুগল আর্থের মূল ইন্টারফেসে অন্য ব্যবহারকারীদের জন্য দৃশ্যমান ছিল না এবং প্রতিটি ছবিতেই এআই-নির্মিত হওয়ার জলছাপ (ওয়াটারমার্ক) যুক্ত ছিল। ২০০৫ সালে চালু হওয়া গুগল আর্থ বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ম্যাপিং প্ল্যাটফর্ম, যেখানে স্যাটেলাইট ছবি, থ্রিডি ভূখণ্ড এবং স্ট্রিট ভিউয়ের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়। তবে সর্বশেষ এ বিতর্ক নিয়ে ইন্ডিপেনডেন্ট-এর মন্তব্যের অনুরোধে গুগল কোনো প্রতিক্রিয়া জানায়নি। সূত্র: বিবিসি, দ্য ইন্ডিপেনডেন্ট