যুক্তরাষ্ট্রের Texas–এ Tesla–র তৈরি Tesla Cybertruck–এ থাকা বিশেষ ‘ওয়েড মোড’ সুবিধার কার্যকারিতা পরীক্ষা করতে গিয়ে বিপাকে পড়েছেন চালকসহ যাত্রীরা। পানিতে চলাচলের উপযোগী ‘ওয়েড মোড’ চালু করে লেকের পানিতে নামার কিছুক্ষণ পরই সাইবারট্রাকটি বিকল হয়ে ডুবে যায়। পরে উদ্ধারকারী দল ও পুলিশ যৌথভাবে গাড়িটি পানি থেকে উদ্ধার করে।
লেকে নামানোর পরই অচল হয়ে পড়ে গাড়ি
Grapevine Police Department এক বিবৃতিতে জানিয়েছে, কেটিস উডস পার্ক বোট র্যাম্প এলাকা থেকে সাইবারট্রাকটি উদ্ধার করা হয়েছে। চালক ইচ্ছাকৃতভাবেই গাড়িটি লেকে নামিয়েছিলেন। তাঁর উদ্দেশ্য ছিল সাইবারট্রাকের ‘ওয়েড মোড’ সুবিধা বাস্তবে কতটা কার্যকর, তা পরীক্ষা করা। তবে পানিতে নামানোর কিছুক্ষণের মধ্যেই গাড়িটি অচল হয়ে যায়। একপর্যায়ে গাড়ির ভেতরে পানি ঢুকতে শুরু করলে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। পরে চালক ও গাড়িতে থাকা অন্য যাত্রীরা দ্রুত বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা
ঘটনার পর চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে পার্ক ও লেকের নিষিদ্ধ এলাকায় গাড়ি চালানো এবং জলযান নিরাপত্তাবিষয়ক একাধিক বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। ঘটনার পর দেওয়া এক সতর্কবার্তায় গ্রেপভাইন পুলিশ জানিয়েছে, কোনো যানবাহন প্রযুক্তিগতভাবে অগভীর পানিতে চলাচল করতে সক্ষম হলেও বাস্তবে এ ধরনের চেষ্টা নিরাপত্তাঝুঁকি ও আইনি জটিলতা তৈরি করতে পারে। বিশেষ করে জনসাধারণের জন্য নির্ধারিত পার্ক বা জলাশয়ে এ ধরনের কার্যক্রম অন্যদের জন্যও ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে।
ওয়েড মোড ব্যবহারে টেসলার নির্দেশনা
টেসলার সাইবারট্রাকের ব্যবহার নির্দেশিকায় বলা হয়েছে, ওয়েড মোড ব্যবহার করে নদী, খাল কিংবা অগভীর জলাশয়ের মধ্য দিয়ে গাড়ি চালানো যাবে। সুবিধাটি চালু থাকলে গাড়িটি সর্বোচ্চ ৩২ ইঞ্চি গভীর পানিতে চলতে পারবে। পানির গভীরতা মাপতে হবে চাকার নিচের অংশ থেকে। তবে ওয়েড মোড ব্যবহারের আগে গাড়ির সব দরজা ও জানালা সম্পূর্ণভাবে বন্ধ আছে কি না, তা নিশ্চিত হতে হবে। পাশাপাশি গাড়ির গতি ঘণ্টায় ২০ মাইলের কম থাকতে হবে। কোনো জলাশয়ে গাড়ি নামানোর আগে পানির গভীরতা, স্রোতের অবস্থা ও নিচের মাটির ধরনও যাচাই করার পরামর্শ দিয়েছে টেসলা। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান