ফ্রি চ্যাটে থাকছে না মেসেজ লিমিট

প্রকাশ: শুক্রবার, ০৭ অগাস্ট, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

চ্যাটজিপিটির ফ্রি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর দিয়েছে ওপেনএআই। এখন থেকে ফ্রি ও চ্যাটজিপিটি গো অ্যাকাউন্টের গ্রাহকেরা কোনো মেসেজ লিমিট ছাড়াই বিনা মূল্যে যত খুশি টেক্সট চ্যাট করতে পারবেন। তবে টেক্সটের বাইরে অন্যান্য ব্যবহারে আগের মতোই নির্দিষ্ট সীমা কার্যকর থাকবে।

ছবি ও ফাইলে থাকছে সীমা
প্রম্পটে ফাইল বা ছবি যুক্ত করা, ছবি তৈরি করা কিংবা চ্যাটজিপিটির ভয়েস মোড ব্যবহারের ক্ষেত্রে ফ্রি ও গো অ্যাকাউন্টে নির্দিষ্ট ব্যবহারসীমা থাকবে। নির্ধারিত সীমা অতিক্রম করলে ব্যবহারকারীদের সাময়িক বিধিনিষেধের মুখে পড়তে হবে। অর্থাৎ আনলিমিটেড সুবিধাটি মূলত কেবল টেক্সট চ্যাটের জন্য প্রযোজ্য।

আসছে জিটিপি-৫.৬ লুনা
এ সপ্তাহেই ফ্রি ও চ্যাটজিপিটি গো গ্রাহকদের জন্য ডিফল্ট এআই মডেল হিসেবে যুক্ত হচ্ছে ফ্ল্যাগশিপ জিটিপি-৫.৬ সিরিজের সবচেয়ে ছোট মডেল ‘জিটিপি-৫.৬ লুনা’। এটি গত মে থেকে ব্যবহৃত ‘জিটিপি-৫.৫ ইনস্ট্যান্ট’ মডেলের স্থলাভিষিক্ত হবে বলে জানিয়েছে ওপেনএআই।

‘থিংক’ বোতামে বাড়বে বিশ্লেষণ
নতুন ফিচারের অংশ হিসেবে ব্যবহারকারীরা ‘থিংক’ বোতাম দেখতে পাবেন। এটি নির্বাচন করলে জিটিপি-৫.৬ লুনা কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগে অতিরিক্ত সময় নিয়ে বিষয়টি বিশ্লেষণ করবে। ফলে তুলনামূলক জটিল প্রশ্নে আরও গভীরভাবে চিন্তা করে উত্তর দেওয়ার সুযোগ থাকবে।

প্লাস-প্রোতেও বড় আপডেট
ফ্রি ও গো অ্যাকাউন্টের পাশাপাশি চ্যাটজিপিটির পেইড সেবা প্লাস ও প্রো গ্রাহকদের জন্যও বেশ কিছু আপডেট এনেছে ওপেনএআই। এর মধ্যে কোম্পানির ফ্ল্যাগশিপ মডেল ‘জিটিপি-৫.৬ সল’-কে দৈনন্দিন আলাপ ও কাজের জন্য আরও কার্যকর করে সাজানো হয়েছে।

আরও নির্দিষ্ট হবে উত্তর
ওপেনএআই বলেছে, আপগ্রেড করা মডেলটি এখন আরও সংক্ষিপ্ত, নির্দিষ্ট ও প্রাসঙ্গিক উত্তর দেবে। প্রশ্নের ধরন অনুযায়ী উত্তরের বিস্তৃতি নির্ধারণের পাশাপাশি অপ্রয়োজনীয় ফরম্যাটিংও এড়িয়ে চলবে। ব্যবহারকারীর বক্তব্যে ভুল থাকলে অন্ধভাবে সম্মতি না দিয়ে যুক্তিসঙ্গত সংশোধনও তুলে ধরবে মডেলটি।

থাকবে চিন্তার গভীরতা নিয়ন্ত্রণ
ক্লডের এফোর্ট মেনুর মতো প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্য নতুন একটি ‘স্লাইডার’ যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নির্ধারণ করতে পারবেন, কোনো প্রশ্নের উত্তর তৈরির সময় চ্যাটজিপিটি কতটা সময় ও গভীরতা নিয়ে চিন্তা করবে। ফলে দ্রুত উত্তর কিংবা বেশি বিশ্লেষণধর্মী উত্তরের মধ্যে ব্যবহারকারীরা নিজেরাই বেছে নিতে পারবেন।

বড় মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকেরা
শুধু টেক্সট চ্যাটের ক্ষেত্রেই হলেও ব্যবহারের সীমা বা রেট লিমিট পুরোপুরি তুলে নেওয়াকে ওপেনএআইয়ের জন্য বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সার্ভার পরিচালনা ও ডেটা প্রসেসিংয়ের বিপুল ব্যয়ের মধ্যেও কীভাবে এ সুবিধা দেওয়া সম্ভব হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। তবে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, খরচ কমানোর প্রযুক্তিতে বড় ধরনের অগ্রগতি করেছে ওপেনএআই।

সবার জন্য এআই ব্যবহারের লক্ষ্য
নতুন সুবিধার বিষয়ে ওপেনএআই বলেছে, সবাই যাতে সহজে এআই প্রযুক্তি ব্যবহার করতে পারেন, সেই লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির মতে, এর ফলে সাধারণ মানুষ যে কোনো প্রশ্ন বা ধারণা নিয়ে আরও বাধাহীনভাবে কাজ করার সুযোগ পাবেন। সূত্র: এনগ্যাজেট

image

আপনার মতামত দিন