গতকাল রবিবার থেকে চীনা শুরু হয়েছে লুনার নিউ ইয়ার বা বসন্ত উৎসবের ছুটি। গত বছর ঠিক এই সময় কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ‘আর-১’ ও ‘ভি-৩’ মডেল উন্মুক্ত করে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল ডিপসিক। সেই সাফল্য যেন এ বছর নতুন প্রতিযোগিতার সূচনা করেছে। ছুটির আমেজে বসে নেই চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো-বরং একের পর এক এআই মডেল উন্মোচনের ঘোষণা দিয়ে বাজার গরম করে তুলেছে তারা।
বাইটড্যান্সের ‘ডুবাও ২.০’
ByteDance-যারা TikTok-এর নির্মাতা উন্মোচন করেছে ‘ডুবাও ২.০’ চ্যাটবট। প্রতিষ্ঠানটির দাবি, এটি OpenAI-এর জিপিটি-৫.২ এবং Google-এর জেমিনি ৩ প্রোর সমমানের সক্ষমতা রাখে।
কোয়েস্ট মুঠোফোনের তথ্যমতে, সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর দিক থেকে ডুবাও বর্তমানে চীনের সবচেয়ে জনপ্রিয় চ্যাটবট। পাশাপাশি তাদের ভিডিও জেনারেটর মডেল ‘সিড্যান্স ২.০’ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পাচ্ছে।
আলিবাবার পাল্টা প্রস্তুতি
গত বছর Alibaba Group ‘কিউওয়েন ২.৫-ম্যাক্স’ অ্যাপ দিয়ে প্রতিযোগিতায় শক্ত অবস্থান নেয়। এবার তারা ‘কিউওয়েন ৩.৫’ আনার প্রস্তুতি নিচ্ছে। জানা গেছে, নতুন অ্যাপের প্রচারণায় প্রতিষ্ঠানটি প্রায় ৪০ কোটি ডলার ব্যয় করেছে, যা তাদের উচ্চাকাঙ্ক্ষারই ইঙ্গিত দেয়।
এআই টাইগারদের দৌড়: ঝিপু ও মিনিম্যাক্স
চীনের এআই অঙ্গনে ‘এআই টাইগার’ হিসেবে পরিচিত ঝিপু ও মিনিম্যাক্সও পিছিয়ে নেই।
>>ঝিপু উন্মোচন করেছে ওপেন-সোর্স মডেল ‘জিএলএম-৫’, যা কোডিং এবং দীর্ঘমেয়াদি এআই এজেন্টভিত্তিক কাজের ক্ষেত্রে অত্যন্ত দক্ষ।
>>মিনিম্যাক্স বাজারে এনেছে তাদের ‘এম২.৫’ মডেল, যা বহুমুখী এআই সক্ষমতার জন্য ইতোমধ্যে আলোচনায়।
অন্যান্য উল্লেখযোগ্য উদ্ভাবন
প্রতিযোগিতায় যুক্ত হয়েছে আরও কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠান-
>>Tencent এনেছে ‘এইচওয়াই-১.৮বি-২বিট’ মডেল, যা সাধারণ স্মার্টফোনেও ব্যবহারযোগ্য।
>>iFLYTEK উন্মোচন করেছে শিক্ষা ও স্বাস্থ্য খাতকেন্দ্রিক ‘স্পার্ক এক্স২’।
>>NetEase-এর ইউডাও এনেছে ‘লবস্টারএআই’-দ্রুত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে সক্ষম একটি এআই অ্যাসিস্ট্যান্ট।
>>রোবটিকস ও স্বয়ংক্রিয় যানবাহনের জন্য ‘ডিএমও’ নামের বিশেষ এআই মডেল উন্মোচন করেছে ডেক্সমাল।
ডিপসিকের পরবর্তী চমক
বসন্ত উৎসবের ছুটিতে আলোচনার কেন্দ্রে থাকতে চায় DeepSeek-ও। প্রতিষ্ঠানটি তাদের পরবর্তী প্রজন্মের মডেল ‘ভি-৪’ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। ধারণা করা হচ্ছে, নতুন মডেলটি গত বছরের ‘ভি-৩’-এর মতোই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে পারে।
চীনের লুনার নিউ ইয়ার এবার শুধু উৎসবেই সীমাবদ্ধ নয়-এটি যেন পরিণত হয়েছে এআই প্রযুক্তির নতুন দৌড়ের সূচনায়। বিশ্ববাজারে আধিপত্য বিস্তারের লক্ষ্যে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন আগের চেয়ে অনেক বেশি আগ্রাসী ও উদ্ভাবনী। সূত্র: রয়টার্স