চড়াখোলায় চার দিনব্যাপী শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, অংশ নিলেন ২৮০ প্রতিযোগী

প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

কালীগঞ্জের চড়াখোলায় ‘সুপ্ত প্রতিভার খোঁজে’ শীর্ষক ১৮তম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। চড়াখোলা খ্রিষ্টান যুব কল্যাণ সমিতির আয়োজনে ২১ থেকে ২৪ মার্চ পর্যন্ত চার দিনব্যাপী এ প্রতিযোগিতা চলে।

আয়োজকেরা জানান, ভাওয়াল অঞ্চলের প্রায় ২৮০ জন প্রতিযোগী ৭৫টি ইভেন্টে অংশ নেন। প্রতিযোগিতা শেষে ২৪ মার্চ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৫ আসনের সাংসদ এ. কে. এম. ফজলুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জন পেরেরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, ড. আগষ্টিন ক্রুজ এবং দি মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ভাইস চেয়ারম্যান ডিউক পি. রোজারিও।

এ ছাড়া ঢাকা ক্রেডিটের ভাইস প্রেসিডেন্ট শিপন রোজারিও, সেক্রেটারি মঞ্জু মারীয়া পালমা, ট্রেজারার সুমন জেমস ডি’ কস্তাসহ অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাইকেল জন গমেজ বলেন, একটি সমাজের সভ্যতা, নম্রতা ও শিক্ষার ভিত্তি তার নিজস্ব সংস্কৃতি। তাই সংস্কৃতি চর্চা ও সংরক্ষণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ফজলুল হক মিলন বলেন, আয়োজনের পরিধি সীমিত হলেও এর উদ্দেশ্য ও প্রভাব ব্যাপক। তিনি আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং তরুণদের এমন কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সূত্র: ডিসিনিউজ

image

আপনার মতামত দিন