জয়পুরহাট ধর্মপ্রদেশের প্রথম বিশপ হিসেবে পল গমেজের অভিষেক

প্রকাশ: বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

জয়পুরহাট ধর্মপ্রদেশের বেণীদুয়ার ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়েছে বিশপ পল গমেজের বিশপীয় অভিষেক। গত ৫ জুন আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন ধর্মপ্রদেশের বিশপ, যাজক, সন্ন্যাসিনী, ধর্মভ্রাতা ও বিপুলসংখ্যক খ্রিস্টভক্ত অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, সিএসসি, বাংলাদেশে ভ্যাটিকানের রাষ্ট্রদূত ক্যাভিন এস. রাণ্ডাল, আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ, ওএমআই, বিশপ জের্ভাস রোজারিও, বিভিন্ন ধর্মপ্রদেশের বিশপ, নাটোর ও নওগাঁ জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আন্না মিনজ এবং অসংখ্য খ্রিস্টভক্ত।

অভিষেকের আগের দিন ৪ জুন বিকেলে বিশপ পল গমেজের মঙ্গলকামনায় অভ্যর্থনা, পবিত্র আরাধনা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ সময় বিশপ, যাজক, সন্ন্যাসিনী এবং তাঁর আত্মীয়স্বজনেরা শুভেচ্ছা ও প্রার্থনা জানান। বেণীদুয়ার ধর্মপল্লীতে আগত অতিথিদের সাঁওতাল, মাহালী, ওঁরাও ও মুণ্ডা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

৫ জুন সকালে পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে বিশপীয় অভিষেক সম্পন্ন হয়। সকাল থেকেই জয়পুরহাট ও রাজশাহী ধর্মপ্রদেশসহ দেশের বিভিন্ন এলাকার ধর্মপল্লী থেকে ফাদার, সিস্টার ও খ্রিস্টভক্তরা অনুষ্ঠানে যোগ দিতে আসেন। ধর্মীয় সংগীত ও উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে ওঠে বেণীদুয়ার ধর্মপল্লী প্রাঙ্গণ।

খ্রিস্টযাগে দেওয়া ধর্মোপদেশে বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও বলেন, মানুষের প্রতি ঈশ্বরের ভালোবাসা ও যত্নের বহিঃপ্রকাশ এই অভিষেক অনুষ্ঠান। তিনি নতুন ধর্মপ্রদেশ প্রতিষ্ঠা এবং নতুন ধর্মপাল হিসেবে পল গমেজকে দায়িত্ব দেওয়ার জন্য পোপ লিও চতুর্দশ-এর প্রতি কৃতজ্ঞতা জানান। 

তিনি বলেন, বিশপীয় দায়িত্ব কোনো ব্যক্তিগত অর্জন নয়; এটি ঈশ্বরের দেওয়া এক বিশেষ পালকীয় দায়িত্ব।

বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত ক্যাভিন এস. রাণ্ডাল নবাভিষিক্ত বিশপ পল গমেজকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তিনি বাংলাদেশের ক্যাথলিক মণ্ডলীর জন্য আশীর্বাদস্বরূপ। জয়পুরহাট ধর্মপ্রদেশের বিশ্বাসীদের আধ্যাত্মিক পথে পরিচালিত করার পাশাপাশি আন্তধর্মীয় সংলাপ ও সিনোডাল চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও বলেন, পল গমেজ একজন যোগ্য যাজক এবং ঈশ্বর তাঁকে এই দায়িত্বের জন্য মনোনীত করেছেন। তাঁর নেতৃত্বে জয়পুরহাট ধর্মপ্রদেশের সার্বিক অগ্রগতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে নবাভিষিক্ত বিশপের জন্য সবার প্রার্থনা কামনা করেন।

পবিত্র খ্রিস্টযাগ শেষে নবাভিষিক্ত বিশপ পল গমেজকে সংবর্ধনা দেওয়া হয়। নৃত্য, সংগীত ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে তাঁকে অভিনন্দন জানানো হয়। এ সময় বিশপীয় অভিষেক উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়কও উন্মোচন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশপ পল গমেজ বলেন, ‘আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আমি অযোগ্য হলেও ঈশ্বর তাঁর কাজের জন্য আমাকে বেছে নিয়েছেন। আমার বিশপীয় দায়িত্ব পালনে আপনাদের প্রার্থনা, সহযোগিতা ও সমর্থন প্রয়োজন। সবার সহযোগিতায় জয়পুরহাট ধর্মপ্রদেশের সার্বিক উন্নয়ন সম্ভব হবে।’

বিকেলে বিভিন্ন জাতিগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সাঁওতালি সাংস্কৃতিক পরিবেশনা ও কনসার্ট। সূত্র: বরেন্দ্রদূত

image

আপনার মতামত দিন