আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে তেজগাঁও ধর্মপল্লীর সেবারত ভাই-বোনদের সম্মাননা ও ধন্যবাদ জ্ঞাপনের অনুষ্ঠান আয়োজন করেছে হলি রোজারি যুব সংঘ। গত ২ মে ২০২৬ খ্রিস্টাব্দে পবিত্র জপমালা রাণী গীর্জা প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তেজগাঁও ধর্মপল্লীর পবিত্র জপমালা রাণী গীর্জার আধ্যাত্মিক সেবায় নিয়োজিত ফাদারগণ, সহকারী পুরোহিত এবং বিভিন্ন সেবামূলক কাজে যুক্ত ১১ জন সেবারত ভাই-বোন অংশ নেন। এ ছাড়া হলি রোজারি যুব সংঘের সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সেবারত সদস্যরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং ধর্মপল্লীতে কাজ করার অভিজ্ঞতা ও অনুভূতি যুব সংঘের সদস্যদের সঙ্গে ভাগাভাগি করেন। যুব সংঘের সদস্যরাও পারস্পরিক পরিচয় ও সৌহার্দ্যপূর্ণ আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানের একপর্যায়ে হলি রোজারি যুব সংঘের পক্ষ থেকে সেবারত ভাই-বোনদের ফুল ও সম্মাননা উপহার প্রদান করা হয়। একসঙ্গে সময় কাটানো ও আপ্যায়নের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের আদর্শ হিসেবে সাধু যোসেফের জীবন বিশেষভাবে অনুপ্রেরণাদায়ী। তাঁর জীবন আমাদের শেখায়, কাজকে কেবল দায়িত্ব হিসেবে নয়, বরং সেবার সুযোগ হিসেবে দেখার মানসিকতা গড়ে তুলতে।
তাঁদের মতে, সাধু যোসেফের জীবনদর্শন সকলের জন্য অনুপ্রেরণা ও পথপ্রদর্শক হয়ে থাকতে পারে। সূত্র: আরভিএ