ঢাকায় দিনব্যাপী ‘সেফগার্ডিং ফোকাল পার্সনস প্রশিক্ষণ কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিশপীয় সমন্বিত মানব উন্নয়ন বিস্তার কমিশন (সিবিসিবি) ‘নিরাপদ, জবাবদিহিমূলক ও মর্যাদাপূর্ণ সমাজ গঠনের সক্ষমতা বৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে এ কর্মশালার আয়োজন করে। গত ১২ জুন মোহাম্মদপুরে অবস্থিত আরএনডিএম সিস্টার্স রিনিউয়াল সেন্টারে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালার লক্ষ্য ছিল মণ্ডলীর বিভিন্ন সেবামূলক কার্যক্রমে শিশু ও ঝুঁকিপূর্ণ প্রাপ্তবয়স্কদের সুরক্ষা নিশ্চিত করার জন্য ধর্মপ্রদেশভিত্তিক সেফগার্ডিং ফোকাল পার্সন ও কমিটির সদস্যদের জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা।
উদ্বোধনী অধিবেশনে কমিশনের সচিব ড. ফাদার লিটন এইচ গমেজ, সিএসসি প্রার্থনা পরিচালনা করেন। পরে কমিশনের সভাপতি বিশপ জের্ভাস রোজারিও স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, সেফগার্ডিং শুধু একটি নীতিমালা নয়, বরং মানব মর্যাদা রক্ষা এবং নিরাপদ সম্প্রদায় গঠনের জন্য সুসমাচারভিত্তিক একটি অঙ্গীকার।
দিনব্যাপী কর্মশালায় সেফগার্ডিংয়ের মৌলিক নীতিমালা, ফোকাল পার্সনের ভূমিকা ও দায়িত্ব, অভিযোগ গ্রহণ ও প্রতিক্রিয়া ব্যবস্থা, নথি সংরক্ষণ, তদন্ত ও কেস ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া দলীয় কেস স্টাডি এবং ধর্মপ্রদেশভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়েও অংশগ্রহণকারীদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
বাংলাদেশের বিভিন্ন ধর্মপ্রদেশ থেকে আসা সেফগার্ডিং ফোকাল পার্সন ও কমিটির সদস্যরা কর্মশালায় অংশ নেন। আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং বাস্তব পরিস্থিতি বিশ্লেষণের মাধ্যমে তাঁরা নিরাপদ, জবাবদিহিমূলক ও মর্যাদাপূর্ণ গির্জা সম্প্রদায় গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আয়োজকদের মতে, কর্মশালার মাধ্যমে সেফগার্ডিং নীতিমালা সম্পর্কে অংশগ্রহণকারীদের উপলব্ধি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি রিপোর্টিং ও তদন্ত প্রক্রিয়ায় দক্ষতা উন্নয়ন, ধর্মপ্রদেশগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের সুযোগ সৃষ্টি হয়েছে।
সমাপনী অধিবেশনে অংশগ্রহণকারীরা এ উদ্যোগের জন্য বাংলাদেশ বিশপীয় সমন্বিত মানব উন্নয়ন বিস্তার কমিশন (সিবিসিবি) এবং আরএনডিএম সিস্টার্স রিনিউয়াল সেন্টারের প্রতি কৃতজ্ঞতা জানান। সুরক্ষা ও যত্নের সংস্কৃতি প্রতিষ্ঠার নবায়িত অঙ্গীকারের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।