নানা আয়োজনে শিশুমঙ্গল দিবস পালন করেছে রাজশাহী ধর্মপ্রদেশের গোপালপুর ধর্মপল্লীর শিশুরা। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে খ্রিস্টযাগের মধ্য দিয়ে এই দিবসের কার্যক্রম শুরু হয়।
“শিশুদের আমার কাছে আসতে দাও” শিরোনামে অনুষ্ঠিত অর্ধদিবসের অনুষ্ঠানে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৮৫ জন শিশু ও ১২ জন এনিমেটর অংশগ্রহণ করেন।
খ্রিস্টযাগ উৎসর্গ করেন পাল-পুরোহিত দেব সৌরভ কুজুর। এতে উপস্থিত ছিলেন গোপালপুর ধর্মপল্লীর সিস্টারগণ।

মূল প্রতিপাদ্য “শিশুদের আমার কাছে আসতে দাও” এর উপরে সহভাগিতা করেন পাল-পুরোহিত দেব সৌরভ কুজুর ও সিস্টার এলিজাবেথ, পিমে।
সহভাগিতায় শিশুদের উদ্দেশে পাল-পুরোহিত দেব সৌরভ কুজুর বলেন, তোমরা সবাই অনেক সুন্দর। পবিত্র আর ভালো মনের শিশু। যিশু তোমাদেরকে খুব ভালোবাসেন। যিশু তার শিষ্যদের বলেছেন বলেছেন, “শিশুদের আমার কাছে আসতে দাও” কারণ তোমাদের মন খুবই সরল আর সত্যে ভরা। তাই, তোমরা সবসময় সত্য কথা বলবে, মা-বাবার কথা শুনবে এবং বন্ধুদের সঙ্গে ঝগড়া না করে ভালোবাসবে। কেউ কষ্ট পেলে তাকে সাহায্য করবে, আর প্রতিদিন একটু করে প্রার্থনা করবে। প্রার্থনা করলে তোমরা যিশুর আরও কাছে যেতে পারবে।
তিনি বলেন, মনে রাখবে, ভালো কাজ করলে যিশু খুব খুশি হন। যেমন, বন্ধুকে সাহায্য করা, ভাগাভাগি করা, মিথ্যা না বলা, এগুলোই তোমাদেরকে আরও ভালো শিশু বানাবে। তোমরা সবাই যিশুর ছোট ছোট বন্ধু। তাই তাঁর মতো ভালো, দয়ালু আর ক্ষমাশীল হওয়ার চেষ্টা করবে।
এনিমেটরদের সহযোগিতা ও সঞ্চলনায় সকাল ৯টায় শুরু হওয়া অনুষ্ঠানটি চলে বিকাল ৩টা পর্যন্ত। অনুষ্ঠানে ছিল প্রার্থনা প্রতিযোগতিা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পবিত্র খ্রিস্টযাগ। লেখা: সিস্টার এলিজাবেথ, পিমে