চলন্ত গাড়িতে ফোন দেখলেই বমি বমি ভাব? সমাধানে আইফোনের নতুন ফিচার

প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

চলন্ত গাড়ি বা ট্রেনে আইফোনের স্ক্রিনের দিকে তাকালে অনেকেরই মাথা ঘোরা বা বমি বমি ভাব (মোশন সিকনেস) দেখা দেয়। এ সমস্যা কমাতে অ্যাপলের ‘ভেহিকল মোশন কিউস’ (Vehicle Motion Cues) ফিচারটি সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে। ফিচারটি চালু করলে স্ক্রিনের দুই পাশে ছোট ছোট অ্যানিমেটেড বিন্দু দেখা যায়, যা গাড়ি বা ট্রেনের গতির সঙ্গে তাল মিলিয়ে নড়াচড়া করে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের সাবওয়ে ট্রেনে যাতায়াতকারীদের অনেকেই এ সুবিধা ব্যবহার করছেন।

কেন হয় মোশন সিকনেস?
মোশন সিকনেসের কারণ নিয়ে গবেষকদের মধ্যে ভিন্নমত থাকলেও সবচেয়ে পরিচিত ব্যাখ্যা হলো ‘সেন্সরি কনফ্লিক্ট থিওরি’। এ তত্ত্ব অনুযায়ী, ভেতরের কান গাড়ির গতি অনুভব করলেও চোখ স্থির কোনো বস্তুর দিকে তাকিয়ে থাকায় মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে পড়ে। তবে ইউনিভার্সিটি অব মিনেসোটার অধ্যাপক টম স্টফরেগেন মনে করেন, সমস্যার মূল কারণ শরীরের ভারসাম্য রক্ষার প্রক্রিয়ায় পূর্বাভাস ও বাস্তব নড়াচড়ার অমিল। এ কারণেই যাত্রীদের তুলনায় চালকদের সাধারণত মোশন সিকনেস কম হয়।

ছোট ছোট ডট কীভাবে কাজ করে?
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষক ক্রিস্টেন স্টিনারসনের মতে, স্ক্রিনে দেখা অ্যানিমেটেড ডটগুলো ব্যবহারকারীকে নিজের গতিপথ সম্পর্কে একটি দৃশ্যমান ধারণা দেয়। এতে চোখ ও শরীরের অনুভূতির মধ্যে সামঞ্জস্য তৈরি হয় এবং মোশন সিকনেস কমতে পারে। একই নীতিতে বাজারে তরলযুক্ত বিশেষ মোশন সিকনেস প্রতিরোধী চশমাও পাওয়া যায়, যা গবেষণায় কার্যকর বলে প্রমাণিত হয়েছে। স্টিনারসন নিজেও জানিয়েছেন, আইফোনের এ ডটগুলো তার ব্যক্তিগত অস্বস্তি কমাতে সাহায্য করেছে।

কীভাবে চালু করবেন ‘ভেহিকল মোশন কিউস’?
ফিচারটি ব্যবহার করতে আইফোনের Settings → Accessibility → Motion → Vehicle Motion Cues অপশনে যেতে হবে। ব্যবহারকারী চাইলে এটি সব সময় চালু রাখতে পারবেন অথবা গাড়ি বা ট্রেনের গতি শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার ব্যবস্থা করতে পারবেন। ডটগুলোর আকার ও রংও নিজের পছন্দমতো পরিবর্তন করা যায়। যদিও সবার ক্ষেত্রে সমানভাবে কাজ করে না, তবু অনেক ব্যবহারকারীর কাছে এটি মোশন সিকনেস কমানোর কার্যকর সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে।

ভবিষ্যতের প্রযুক্তি আরও স্ক্রিননির্ভর?
বিশেষজ্ঞদের মতে, এই ফিচারটি মূলত তাদের জন্য উপকারী, যারা চলন্ত অবস্থায় ফোনের স্ক্রিনের দিকে তাকানোর কারণে মোশন সিকনেসে ভোগেন। একই সঙ্গে এটি দেখায়, আধুনিক প্রযুক্তি মানুষের দৈনন্দিন জীবনের আরও বেশি সময় দখল করে নিচ্ছে। দীর্ঘস্থায়ী ব্যাটারি, সর্বত্র ইন্টারনেট সংযোগ এবং স্ক্রিনবিহীন এআই প্রযুক্তির উন্নয়নের ধারাবাহিকতায় গুঞ্জন রয়েছে, ভবিষ্যতের এয়ারপডসেও ক্যামেরা যুক্ত হতে পারে, যা স্ক্রিন ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা ব্যবহারের নতুন সুযোগ তৈরি করবে। সূত্র: বিবিসি

image

আপনার মতামত দিন