স্পেনের বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬ মেলার পর্দা নেমেছে গতকাল বৃহস্পতিবার। জিএসএমএ আয়োজিত চার দিনের এই আন্তর্জাতিক প্রযুক্তি মেলায় বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান নিজেদের তৈরি নতুন পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করেছে। মেলায় উন্মোচিত প্রযুক্তিগুলোর মধ্যে থেকে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট 9to5Google চারটি বিভাগে সেরা প্রযুক্তি ও পণ্য নির্বাচন করেছে।
১. মোস্ট ইমপ্যাক্টফুল লঞ্চ: Snapdragon Wear Elite
স্মার্টওয়াচ প্রযুক্তিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে Snapdragon Wear Elite চিপ। এটি তৈরি করেছে Qualcomm। চিপটিতে ‘বিগ-লিটল’ আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে এবং এতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রক্রিয়াকরণের সুবিধাও রয়েছে। ফলে ভবিষ্যতে স্মার্টওয়াচ আরও দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।
২. বেস্ট কনসেপ্ট: Lenovo Legion Go Fold
মেলায় প্রদর্শিত ধারণামূলক ডিভাইসগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল Lenovo Legion Go Fold। Lenovo তৈরি করা এই ভাঁজযোগ্য গেমিং হ্যান্ডহেল্ড ডিভাইসটি Windows 11 অপারেটিং সিস্টেমে চলে। ভাঁজ করা অবস্থায় এর পর্দা ৭.৭ ইঞ্চি এবং পুরোপুরি খুললে ১১.৬ ইঞ্চি পর্যন্ত বড় হয়।
৩. বেস্ট নিউ প্রোডাক্ট: Honor Magic V6
মেলার সেরা নতুন পণ্যের স্বীকৃতি পেয়েছে Honor Magic V6 ফোল্ডেবল স্মার্টফোন। Honor তৈরি করা এই ফোনে পাতলা নকশার পাশাপাশি ব্যাটারির স্থায়িত্বের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এতে উন্নত ক্যামেরা ব্যবস্থা ও কম প্রতিফলনযুক্ত ডিসপ্লে প্রযুক্তি রয়েছে, যা উজ্জ্বল আলোতেও পর্দা স্পষ্ট দেখতে সাহায্য করে।
৪. অনারেবল মেনশন: TCL NXTPAPER AMOLED
এবারের মেলায় বিশেষভাবে আলোচিত হয়েছে NXTPAPER AMOLED Display প্রযুক্তি, যা উন্নয়ন করছে TCL। আগে এনএক্সটিপেপার প্রযুক্তি আইপিএস এলসিডি ভিত্তিক ছিল, কিন্তু এবার এটি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে যুক্ত করা হয়েছে। ফলে আগের তুলনায় পর্দা আরও উজ্জ্বল, রঙিন এবং কম প্রতিফলনযুক্ত হয়েছে। তবে প্রযুক্তিটি কবে বাজারে আসবে, তা এখনো জানানো হয়নি। সূত্র: নাইনটুফাইভগুগল