চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান অনর রোবোটিক বাহুযুক্ত ক্যামেরাসহ নতুন স্মার্টফোন ‘রোবট ফোন’ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এটি বিশ্বের প্রথম স্মার্টফোন, যেখানে রোবোটিক আর্মভিত্তিক ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
৪ ডিগ্রি অব ফ্রিডম গিম্বল ক্যামেরা
নতুন ফোনটিতে রয়েছে ৪ ডিগ্রি অব ফ্রিডম (4DoF) গিম্বল ক্যামেরা সিস্টেম। এর মাধ্যমে ক্যামেরা বিভিন্ন দিকে ঘোরানো, নির্দিষ্ট বস্তুকে অনুসরণ করা এবং দ্রুত অবস্থান পরিবর্তন করা যাবে। ক্যামেরাটি প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৩৬০ ডিগ্রি গতিতে ঘুরতে সক্ষম।
২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা
ফোনটির পেছনে রয়েছে ২০০ মেগাপিক্সেলের স্মার্ট গিম্বল প্রধান ক্যামেরা। এর সঙ্গে আছে ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, যা ২.৭ গুণ অপটিক্যাল ও সর্বোচ্চ ২০০ গুণ ডিজিটাল জুম সমর্থন করে। এ ছাড়া রয়েছে ৫০ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা এবং সামনে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
৬,৮০০ নিট উজ্জ্বলতার ডিসপ্লে
ডিভাইসটিতে রয়েছে ৬.৩১ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে। এতে ফুল এইচডি প্লাস রেজল্যুশন এবং সর্বোচ্চ ৬,৮০০ নিট উজ্জ্বলতা পাওয়া যাবে। ফোনটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসরে চলে এবং অ্যান্ড্রয়েড ১৬-ভিত্তিক ম্যাজিকওএস ১০ অপারেটিং সিস্টেমে পরিচালিত হয়।
এআই দিয়ে তারার গতিপথ অনুসরণ
রোবট ফোনের অন্যতম আকর্ষণীয় ফিচার হলো এআইনির্ভর স্বয়ংক্রিয় স্টার ট্র্যাকিং প্রযুক্তি। এর মাধ্যমে আকাশের তারার গতিপথ শনাক্ত ও অনুসরণ করা যায়। পাশাপাশি ‘ইয়োইয়ো’ এআই সহকারী ব্যবহারকারীর অঙ্গভঙ্গি বুঝতে, কথোপকথন করতে এবং বিভিন্ন কাজ সম্পাদনে সহায়তা করবে।
৭,০৬০ মিলিঅ্যাম্পিয়ার ঘণ্টার ব্যাটারি
ফোনটিতে রয়েছে ৭,০৬০ মিলিঅ্যাম্পিয়ার ঘণ্টা ক্ষমতার ব্যাটারি। এটি ১২০ ওয়াট তারযুক্ত দ্রুত চার্জিং এবং ৫০ ওয়াট বেতার চার্জিং সমর্থন করে।
১৮ আগস্ট থেকে বিক্রি
রোবট ফোনটি আগামী ১৮ আগস্ট থেকে বিক্রি শুরু হবে। ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৯৯৯ ইউয়ান। আর ১৬ জিবি র্যাম ও ১ টেরাবাইট স্টোরেজ সংস্করণের দাম ১২ হাজার ৯৯৯ ইউয়ান। সূত্র: দ্য ভার্জ, টাইমস অব ইন্ডিয়া