অস্ত্রোপচারে ভিশন প্রোর ব্যবহার

প্রকাশ: শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

অপারেশন থিয়েটারে অ্যাপলের মিক্সড-রিয়ালিটি হেডসেট ‘অ্যাপল ভিশন প্রো’ ব্যবহার করে জটিল হিপ সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। চিকিৎসাবিজ্ঞানে এ প্রযুক্তির এমন ব্যবহার ভবিষ্যতে অস্ত্রোপচারের কার্যপদ্ধতিতে পরিবর্তন আনতে পারে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেট। চিকিৎসা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান স্ট্রাইকারের তৈরি সফটওয়্যার ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ডিউক হেলথ হাসপাতালে অস্ত্রোপচারটি করা হয়।

স্ট্রাইকারের বিশেষ অ্যাপ
ডিউক হেলথ হাসপাতালে হিপ আর্থ্রোস্কোপি বা নিতম্বের অস্ত্রোপচারের সময় অ্যাপল ভিশন প্রোর জন্য তৈরি স্ট্রাইকারের ‘স্পোর্টসসুইট ভিশন’ অ্যাপ ব্যবহার করেন চিকিৎসকেরা। ভিশন প্রোর জন্য তৈরি তৃতীয় পক্ষের এই অ্যাপের মাধ্যমে অস্ত্রোপচারের সময় প্রয়োজনীয় বিভিন্ন চিকিৎসা-সংক্রান্ত তথ্য ডিজিটালভাবে চিকিৎসকের চোখের সামনে তুলে ধরা সম্ভব হয়। গত ১৭ জুলাই যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছ থেকে সফটওয়্যারটি ডি নভো অনুমোদন পেয়েছে।


মিক্সড-রিয়ালিটি প্রযুক্তির বিশেষত্ব হলো, চিকিৎসক বাস্তব জগতে রোগীর অস্ত্রোপচার করার পাশাপাশি একই সময়ে ডিজিটাল তথ্য ও প্রয়োজনীয় টুল চোখের সামনে দেখতে পারেন। ফলে অপারেশন থিয়েটারে আলাদা স্ক্রিন বা অন্য ডিভাইসের দিকে বারবার তাকানোর প্রয়োজন কমে যেতে পারে। ভিশন প্রোর এই ব্যবহার চিকিৎসকদের জন্য জটিল অস্ত্রোপচারে প্রয়োজনীয় তথ্য দ্রুত পাওয়ার নতুন সুযোগ তৈরি করেছে।

অস্ত্রোপচারে একাধিক তথ্য
‘স্পোর্টসসুইট ভিশন’ অ্যাপের উদ্বোধনী অস্ত্রোপচারে সার্জনকে স্ট্রাইকারের অর্থোপেডিক সার্জারি প্ল্যানিং টুল, আর্থ্রোস্কোপিক ছবি এবং সিটি স্ক্যানের ছবি দেখার সুযোগ দেওয়া হয়। ফলে হিপ আর্থ্রোস্কোপির সময় রোগীর শারীরিক অবস্থা ও অস্ত্রোপচারের পরিকল্পনা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরাসরি হেডসেটের মাধ্যমে দেখার সুযোগ পান সার্জন।

সার্জনের অভিজ্ঞতা
অস্ত্রোপচারটি সম্পন্ন করা ডিউক হেলথের অর্থোপেডিক সার্জন ডা. চ্যাড মাদার দ্য থার্ড বলেন, স্পেশাল কম্পিউটিং প্রযুক্তি ব্যবহারের ফলে নিজের কাজের ধরন অনুযায়ী গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল তথ্যের অবস্থান সাজিয়ে নেওয়া সম্ভব হয়েছে। জীবাণুমুক্ত পরিবেশের মধ্যেই এসব তথ্য ব্যবহারের সুযোগ পাওয়ায় অপারেশন থিয়েটারের পরিবেশ আরও সুশৃঙ্খল রাখা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।


তবে অ্যাপল ভিশন প্রোর দাম এবং এ ধরনের চিকিৎসা সফটওয়্যার তৈরির জটিলতার কারণে সাধারণ চিকিৎসাসেবায় এর ব্যবহার এখনই ব্যাপক হওয়ার সম্ভাবনা কম। বিশেষ করে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বা প্রাথমিক চিকিৎসাসেবায় চিকিৎসকেরা এ ধরনের হেডসেট ব্যবহার করবেন-এমন দৃশ্য অদূর ভবিষ্যতে খুব সাধারণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে না।

ভিশন প্রোর ভবিষ্যৎ
অ্যাপল তাদের মিক্সড-রিয়ালিটি হেডসেট বাজারে আনার পর থেকেই এর ব্যবহারিক ক্ষেত্র নিয়ে নানা প্রশ্ন ছিল। ডিভাইসটির প্রথম সংস্করণ মূলধারার সাধারণ ক্রেতাদের লক্ষ্য করে তৈরি করা হয়নি। গত বছর পরীক্ষিত শক্তিশালী এম৫ সংস্করণ নিয়েও একই ধরনের আলোচনা ছিল। তবে চিকিৎসাক্ষেত্রে এ ধরনের ব্যবহার দেখাচ্ছে, নির্দিষ্ট ও জটিল কাজের ক্ষেত্রে ভিশন প্রোর প্রযুক্তির সম্ভাবনা রয়েছে।

ছাঁটাইয়ের মধ্যেও নতুন সম্ভাবনা
ভিশন প্রো দলের বড় একটি অংশকে গত মাসে ছাঁটাই করেছে অ্যাপল, যা ডিভাইসটির মূলধারায় গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তবে জটিল অস্ত্রোপচারে সফলভাবে ভিশন প্রো ব্যবহারের ঘটনা মিক্সড-রিয়ালিটি প্রযুক্তির কার্যকর প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এমন উদ্ভাবনী ব্যবহার ভবিষ্যতে ভিশন প্রোর প্রযুক্তিকে নতুন ক্ষেত্রে কাজে লাগানোর সুযোগ তৈরি করতে পারে। সূত্র: এনগ্যাজেট, টেক রাডার

image

আপনার মতামত দিন