প্রযুক্তিপ্রেমীদের বহুল প্রতীক্ষিত ‘গুগল আই/ও ২০২৬’ সম্মেলন শুরু হবে আগামী ১৯ মে। গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৬’ সামনে রেখে প্রযুক্তি দুনিয়ায় শুরু হয়েছে নতুন আলোচনা। মূল সম্মেলনের আগেই ‘দ্য অ্যান্ড্রয়েড শো: আই/ও সংস্করণ’ অনুষ্ঠানে গুগল অ্যান্ড্রয়েড, জেমিনি এবং বিভিন্ন স্মার্ট যন্ত্রের জন্য নতুন প্রযুক্তি ও সুবিধা যুক্ত করার ঘোষণা দিয়েছে।
জেমিনি ইন্টেলিজেন্স
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ‘জেমিনি ইন্টেলিজেন্স’ নামের নতুন সুবিধা আনার ঘোষণা দিয়েছে গুগল। এই সুবিধা চালু হলে একই বাক্যে একাধিক ভাষা ব্যবহার হলেও সেটি সহজেই বুঝতে পারবে জেমিনি। ফলে ব্যবহারকারীরা আগের তুলনায় আরও স্বাভাবিক ও সাবলীলভাবে জেমিনির সঙ্গে কথা বলতে পারবেন। প্রথম পর্যায়ে সুবিধাটি স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি সিরিজ ও পিক্সেল স্মার্টফোনে চালু হবে। পরে ধাপে ধাপে গাড়ি, স্মার্ট ঘড়ি, ল্যাপটপ এবং স্মার্ট চশমাতেও এটি যুক্ত করা হবে।
ক্রোম ব্রাউজারে বাড়ছে জেমিনির ব্যবহার
গুগল ক্রোমের অ্যান্ড্রয়েড সংস্করণেও যুক্ত হচ্ছে নতুন জেমিনিভিত্তিক ফিচার। এর মধ্যে রয়েছে ‘ন্যানো বানানা’ সমর্থন, যার মাধ্যমে সরাসরি ব্রাউজার থেকেই ছবি তৈরি করা যাবে। পাশাপাশি ওয়েবপেজের ওপরে থাকা জেমিনি আইকনে চাপ দিলেই পুরো পৃষ্ঠার সংক্ষিপ্ত সার দেখা যাবে। ফলে দীর্ঘ নিবন্ধ বা বার্তাকে সহজেই আকর্ষণীয় তথ্যচিত্রে রূপ দেওয়া সম্ভব হবে।
গুগলবুক
অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত ঘোষণা ছিল ‘গুগলবুক’। এটি মূলত জেমিনিনির্ভর নতুন প্রজন্মের ল্যাপটপ। গুগলবুকের অন্যতম আকর্ষণ ‘ম্যাজিক পয়েন্টার’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত মাউস কার্সর। কোনো লেখা, ছবি বা তারিখের ওপর কার্সর রাখলেই সেটি প্রাসঙ্গিক কাজের পরামর্শ দেখাবে। উদাহরণ হিসেবে, ই-মেইলে থাকা কোনো তারিখের ওপর কার্সর নিলে স্বয়ংক্রিয়ভাবে সভার সময় নির্ধারণের অপশন দেখা যাবে।
এ ছাড়া গুগলবুকে অ্যান্ড্রয়েড ফোনে থাকা অ্যাপগুলোও ব্যবহার করা যাবে। এর জন্য আলাদা কোনো অ্যাপ ডাউনলোড বা অতিরিক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজন হবে না। তবে ল্যাপটপটির মূল্য কিংবা বাজারে আসার সম্ভাব্য সময় সম্পর্কে এখনো কিছু জানায়নি গুগল।
অ্যান্ড্রয়েড অটোতে নতুন সুবিধা
অ্যান্ড্রয়েড অটো-সমর্থিত গাড়ির ডিসপ্লেতে আবহাওয়ার তথ্য দেখা, গ্যারেজের দরজা নিয়ন্ত্রণ এবং দ্রুত ব্যবহারের জন্য কাস্টম উইজেট যুক্ত করার সুবিধা আনার ঘোষণা দিয়েছে গুগল। পাশাপাশি গুগল ম্যাপসে যুক্ত হয়েছে উন্নত থ্রি-ডি ডিসপ্লে সিস্টেম, যা চালকদের নির্দিষ্ট লেন শনাক্ত করতে সহায়তা করবে।
শুধু তা-ই নয়, গাড়ি পার্ক করা অবস্থায় ইউটিউবের ফুল এইচডি (৬০ ফ্রেম প্রতি সেকেন্ড) ভিডিও দেখার সুবিধাও মিলবে। গাড়ি চলতে শুরু করলে ভিডিও স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং শুধু অডিও শোনা যাবে। এছাড়া জেমিনির সহায়তায় খাবার অর্ডার করা, বার্তার প্রেক্ষাপট বুঝে প্রয়োজনীয় তথ্য দেখানোসহ বিভিন্ন কাজ আরও সহজ করা হয়েছে।
পজ পয়েন্ট
অ্যান্ড্রয়েডে ‘পজ পয়েন্ট’ নামের নতুন একটি ফিচার আনছে গুগল। এই সুবিধা ব্যবহারকারীর অ্যাপ ব্যবহারের অভ্যাস বিশ্লেষণ করে যেসব অ্যাপে বেশি সময় নষ্ট হয়, সেগুলো চালুর আগে ১০ সেকেন্ড অপেক্ষা করতে বাধ্য করবে। এর ফলে অতিরিক্ত সময় অ্যাপ ব্যবহারের প্রবণতা কমবে বলে ধারণা করা হচ্ছে।
আধেয় নির্মাতাদের জন্য নতুন সুবিধা
পিক্সেল ফোনে ‘স্ক্রিন রিঅ্যাকশনস’ নামের নতুন সুবিধা যুক্ত করা হবে। এর মাধ্যমে ব্যবহারকারীর মুখের অভিব্যক্তি এবং ফোনের পর্দার দৃশ্য একই সঙ্গে ধারণ করা যাবে। ফলে কনটেন্ট নির্মাতাদের আলাদাভাবে ভিডিও সম্পাদনার ঝামেলা অনেকটাই কমে যাবে। সূত্র: টেকরাডার, ম্যাশেবল