সোমবার দিনের শুরুতে অ্যাপলের অ্যাপ স্টোরে টেলিগ্রামের পেজে প্রবেশ করতে গেলে ব্যবহারকারীরা “দ্য পেজ ইউ’আর লুকিং ফর ক্যান্ট বি ফাউন্ড” (আপনি যে পেজটি খুঁজছেন তা পাওয়া যাচ্ছে না) বার্তাটি দেখতে পান। এতে অনেকের মধ্যে ধারণা তৈরি হয় যে অ্যাপটি অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
অ্যাপলের নীতিমালা লঙ্ঘনের অভিযোগ
পরে অ্যাপল এক বিবৃতিতে জানায়, চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ ম্যাটেরিয়াল (সিএসএএম)–সংক্রান্ত তাদের কঠোর নীতিমালা লঙ্ঘনের বিষয়টি শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টেলিগ্রামকে সাময়িকভাবে অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়।
টেলিগ্রামের দ্রুত পদক্ষেপ
ঘটনার পর টেলিগ্রাম দ্রুত বিতর্কিত কনটেন্ট অপসারণ করে। একই সঙ্গে ওই কনটেন্ট প্রকাশকারী ব্যবহারকারীকে প্ল্যাটফর্ম থেকে পার্মানেন্ট ব্যান (স্থায়ীভাবে নিষিদ্ধ) করা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর অ্যাপল আবারও অ্যাপ স্টোরে টেলিগ্রাম ফিরিয়ে আনে।
এক্সে রসিক প্রতিক্রিয়া
ঘটনাটি নিশ্চিত হওয়ার পর টেলিগ্রাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ রসিকতা করে লেখে, “রিপোর্টস অব মাই ডিমাইজ আর গ্রেটলি এগজ্যাজারেটেড” (আমার বিলুপ্তির খবর অত্যন্ত অতিরঞ্জিত), যা দ্রুতই ব্যবহারকারীদের মধ্যে আলোচনার বিষয় হয়ে ওঠে।
অফিসিয়াল ব্যাখ্যা
টেলিগ্রামের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, অ্যাপ স্টোরে টেলিগ্রাম পুনরুদ্ধার করা হয়েছে এবং খুব শিগগিরই এটি সব ব্যবহারকারীর জন্য স্বাভাবিকভাবে উপলব্ধ হবে।
ব্যবহারকারীদের সেবায় প্রভাব পড়েনি
টেলিগ্রাম আরও জানায়, অ্যাপ স্টোরে সাময়িকভাবে অ্যাপটি অনুপস্থিত থাকলেও বিদ্যমান ব্যবহারকারীদের বার্তা আদান-প্রদান বা অন্যান্য সেবায় কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি। সূত্র: রয়টার্স, দ্য ভার্জ, টেকক্রাঞ্চ।