আসছে ‘ফাইনাল ফ্যান্টাসি ৭ রেভেলেশন’

প্রকাশ: শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

ভিডিও গেমপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে জনপ্রিয় ‘ফাইনাল ফ্যান্টাসি ৭’–এর রিমেক ট্রিলজির শেষ পর্ব আসছে। সনির ‘স্টেট অব প্লে’ অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছে, ‘ফাইনাল ফ্যান্টাসি ৭ রেভেলেশন’ ২০২৭ সালের ৮ এপ্রিল মুক্তি পাবে। প্লেস্টেশন ৫-এর পাশাপাশি গেমটি পিসি, এক্সবক্স সিরিজ এক্স ও এস এবং নিনটেনডো সুইচ ২–এ খেলা যাবে।

রিমেক ট্রিলজির শেষ পর্ব
‘ফাইনাল ফ্যান্টাসি ৭ রেভেলেশন’ হচ্ছে ১৯৯৭ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় গেম ‘ফাইনাল ফ্যান্টাসি ৭’–এর রিমেক ট্রিলজির তৃতীয় ও শেষ পর্ব। এই ধারাবাহিকের প্রথম গেম ‘ফাইনাল ফ্যান্টাসি ৭ রিমেক’ মুক্তি পায় ২০২০ সালে। দ্বিতীয় পর্ব ‘ফাইনাল ফ্যান্টাসি ৭ রিবার্থ’ আসে ২০২৪ সালে। পুরোনো গেমের গল্পকে আধুনিক প্রযুক্তিতে নতুনভাবে উপস্থাপনের কারণে শুরু থেকেই রিমেক সিরিজটি গেমারদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

 
মূল গেমের টার্ন-বেসড যুদ্ধব্যবস্থার পরিবর্তে রিমেক সিরিজে যুক্ত করা হয়েছে আধুনিক রিয়েল-টাইম অ্যাকশনভিত্তিক যুদ্ধব্যবস্থা। উন্নত গ্রাফিকস ও নতুন গেমপ্লের মাধ্যমে খেলোয়াড়দের আরও গতিশীল অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। নতুন পর্বেও আগের দুই গেমের ধারাবাহিকতা বজায় রেখে গল্প এগিয়ে নেওয়া হবে।

থাকছে চূড়ান্ত লড়াই
ট্রিলজির প্রথম পর্বে মূলত মিডগার শহরকেন্দ্রিক গল্প তুলে ধরা হয়েছিল। দীর্ঘ সেই গেমে প্রায় ৫০ ঘণ্টার গেমপ্লে ছিল। নতুন শেষ পর্বে গল্পের গুরুত্বপূর্ণ পরিণতি দেখানো হবে। বিশেষ করে খলনায়ক সেফিরোথের সঙ্গে মূল চরিত্রগুলোর চূড়ান্ত লড়াই এবং এরপরের ঘটনাপ্রবাহকে কেন্দ্র করেই গেমটির কাহিনি এগিয়ে যাবে।

 
উন্নত গ্রাফিকস ও প্রযুক্তি ব্যবহারের এই গেমটি শুধু প্লেস্টেশন ৫–এ সীমাবদ্ধ থাকছে না। এক্সবক্স সিরিজ এক্স ও এস, নিনটেনডো সুইচ ২ এবং পিসিতেও এটি খেলা যাবে। ফলে বিভিন্ন প্ল্যাটফর্মের গেমাররা একই সময়ে নতুন পর্বটি উপভোগ করার সুযোগ পাবেন।

প্রি-অর্ডারে বিশেষ সুবিধা
ইতিমধ্যে প্লেস্টেশন ৫ ব্যবহারকারীদের জন্য গেমটির প্রি-অর্ডার শুরু হয়েছে। আগাম বুকিং করা খেলোয়াড়দের জন্য থাকছে বিশেষ কিছু ইন-গেম সুবিধা। এর মধ্যে দুটি বিশেষ স্পেল বা জাদুকরী ক্ষমতাও রয়েছে।

 
গেমটির একটি প্রিমিয়াম সংস্করণও আনা হচ্ছে। এই সংস্করণের ক্রেতারা সাধারণ সংস্করণের এক দিন আগেই গেমটি খেলার সুযোগ পাবেন। পাশাপাশি এতে বিশেষ ইন-গেম অনুষঙ্গ এবং ভবিষ্যতে প্রকাশিত ডাউনলোডযোগ্য অতিরিক্ত কনটেন্ট পাওয়ার সুবিধা থাকবে।

আসছে আরেক ‘ফাইনাল ফ্যান্টাসি’
‘ফাইনাল ফ্যান্টাসি’ সিরিজে সামনে আরও একটি গেম আসছে। ‘ফাইনাল ফ্যান্টাসি রেজোনেন্স’ নামের গেমটি আগামী ২২ অক্টোবর মুক্তির কথা রয়েছে। পুরোনো ধাঁচের রোল-প্লেয়িং গেমের আদলে তৈরি এই গেম নিয়েও ভক্তদের মধ্যে আগ্রহ রয়েছে। সূত্র: স্কয়ার এনিক্স, এনগ্যাজেট

image

আপনার মতামত দিন