ব্যবহারকারীদের আপলোড করা ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য ফাইল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রশিক্ষণে ব্যবহারের নীতিমালায় পরিবর্তন এনেছে গুগল। নতুন এ পরিবর্তনের ফলে গুগল লেন্স, গুগল ভয়েস সার্চ ও গুগল ট্রান্সলেটের মতো সার্চসংশ্লিষ্ট সেবায় আপলোড করা বিভিন্ন ধরনের মিডিয়া ফাইল এআই উন্নয়নের কাজে ব্যবহার করতে পারবে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কোন কোন ডেটা সংগ্রহ করবে গুগল
নতুন নীতিমালা অনুযায়ী, গুগলের সার্চসংশ্লিষ্ট বিভিন্ন সেবায় ব্যবহারকারীরা যে ছবি, অডিও, ভিডিও বা অন্যান্য ফাইল আপলোড করবেন, সেগুলো এআই মডেল প্রশিক্ষণের জন্য সংগ্রহ করা হতে পারে।
উদাহরণ হিসেবে, কোনো ব্যবহারকারী যদি গুগল লেন্সে একটি ছবি আপলোড করে সেটি সম্পর্কে তথ্য জানতে চান, তাহলে সেই ছবিও এআই প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতে পারে। একইভাবে গুগল ভয়েস সার্চে দেওয়া অডিও রেকর্ডিং এবং গুগল ট্রান্সলেটে অনুবাদের জন্য আপলোড করা বিভিন্ন ধরনের ফাইলও এ নীতির আওতায় পড়বে।
কোন সেবাগুলো এ পরিবর্তনের বাইরে
প্রতিবেদনে বলা হয়েছে, আপাতত এ পরিবর্তন কেবল গুগলের সার্চ-সংশ্লিষ্ট সেবাগুলোর জন্য প্রযোজ্য। ফলে ব্যক্তিগত সংরক্ষণের জন্য ব্যবহৃত গুগল ফটোসের মতো সেবার ছবি বা ভিডিও বর্তমানে এ নীতিমালার আওতায় আসছে না।
কেন এ পরিবর্তন
জেনারেটিভ এআই প্রযুক্তিকে আরও উন্নত করতে বিপুল পরিমাণ বাস্তব ডেটার প্রয়োজন হচ্ছে। এ কারণে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন উৎস থেকে নতুন ডেটা সংগ্রহে গুরুত্ব দিচ্ছে। গুগলের এ নীতিমালা পরিবর্তনের পেছনেও এআই প্রশিক্ষণের জন্য আরও বেশি ডেটা সংগ্রহের প্রয়োজনীয়তাকেই কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
যেভাবে বন্ধ করবেন ডেটা সংগ্রহ
যেসব ব্যবহারকারী নিজেদের আপলোড করা মিডিয়া ফাইল এআই প্রশিক্ষণে ব্যবহার করতে দিতে চান না, তারা নির্দিষ্ট কিছু সেটিংস পরিবর্তনের মাধ্যমে এ সুবিধা বন্ধ করতে পারবেন।
এ জন্য প্রথমে গুগলের Search Services History পেজে গিয়ে Save Media অপশনটি বন্ধ করতে হবে। এরপর Search Services Personalization পেজে গিয়ে নিশ্চিত করতে হবে, সেখানে কোনো তথ্য সংরক্ষণের অপশন চালু নেই।
এআই ওভারভিউ বন্ধের সহজ কৌশল
গুগল সার্চে এআইভিত্তিক উত্তর বা AI Overview এড়িয়ে যেতে চাইলে সার্চ কুয়েরির শেষে -ai যোগ করে অনুসন্ধান করা যেতে পারে। এতে অনেক ক্ষেত্রে প্রচলিত সার্চ ফলাফল দেখানো হয়। সূত্র: এনগ্যাজেট