গোপনে ভিডিও করলে অ্যাকাউন্ট বাতিল করছে মেটা

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

মেটার তৈরি স্মার্ট চশমা ব্যবহার করে অন্যদের অজান্তে ভিডিও ধারণ ও হেনস্তামূলক কনটেন্ট তৈরির দায়ে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের বিরুদ্ধে অ্যাকাউন্ট বাতিলের মতো কঠোর ব্যবস্থা নেওয়া শুরু করেছে কোম্পানিটি।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা এই পদক্ষেপের মাধ্যমে কার্যত স্বীকার করেছে যে, তাদের স্মার্ট চশমা ব্যবহার করে অনেকেই মানুষের অনুমতি ছাড়াই গোপনে ভিডিও ধারণ করছেন।

হেনস্তামূলক কনটেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, “আপনি যদি মানুষকে বিব্রত করে বা হেনস্তা করে কোনো কনটেন্ট প্রকাশ করেন, যেমন বিভিন্ন ‘পিকআপ লাইন’ ধরনের ভিডিও, তাহলে আমরা সেসব কনটেন্ট দ্রুত সরিয়ে দেব।

“আমরা কোনোভাবেই চাই না, মানুষ গোপনে অন্যদের ভিডিও ধারণ করে তাদের হেনস্তা করুক এবং সেই ফুটেজ আমাদের প্ল্যাটফর্মে আপলোড হোক।”

গোপন ভিডিও এখন নতুন উদ্বেগ
ইনস্টাগ্রামে এ ধরনের কনটেন্ট এখন অনেকটাই পরিচিত। কিছু কনটেন্ট নির্মাতা সেবা খাতের কর্মীদের লক্ষ্য করে বিভিন্ন ‘প্র্যাঙ্ক’ বা কৌতুকের ভিডিও তৈরি করছেন। এসব ভিডিও মেটা গ্লাস বা সমমানের স্মার্ট চশমা দিয়ে গোপনে ধারণ করা হয়, যার বেশিরভাগই হেনস্তামূলক।

সম্প্রতি ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন পুরুষ নির্মাতা জনসমক্ষে নারীদের সঙ্গে নিজেদের আলাপ গোপনে রেকর্ড করেছেন। এসব ভিডিওতে থাকা নারীরা বুঝতেই পারেন না যে তারা ক্যামেরাবন্দী হচ্ছেন।

‘পারভার্ট গ্লাস’ তকমা
এ ধরনের অপব্যবহারের কারণে মেটার স্মার্ট চশমা ইতোমধ্যে ‘পারভার্ট গ্লাস’ বা ‘প্রিডেটর গ্লাস’ নামে সমালোচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, এমন নেতিবাচক পরিচিতি পণ্যটির ব্র্যান্ড ইমেজ ও বাজারের সাফল্যের জন্য বড় হুমকি।

অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট শুরু
মেটার নতুন নীতিমালার আওতায় এখন পর্যন্ত কতটি ভিডিও সরানো হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

তবে মার্কিন ব্যবসায়িক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, অনুমতি ছাড়া নারীদের গোপনে ভিডিও ধারণ করে তা প্রকাশ করত-এমন দুটি জনপ্রিয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইতোমধ্যেই ডিঅ্যাক্টিভেট করেছে মেটা।

কোম্পানিটি নিশ্চিত করেছে, মেটা স্মার্ট গ্লাস ব্যবহার করে হেনস্তামূলক কনটেন্ট তৈরির কারণেই অ্যাকাউন্ট দুটি স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে।

সফটওয়্যার আপডেটে নতুন নিরাপত্তা ব্যবস্থা
এ ধরনের অপব্যবহার ঠেকাতে শুধু অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নয়, স্মার্ট চশমার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে মেটা।

সম্প্রতি প্রতিষ্ঠানটি একটি সফটওয়্যার আপডেট প্রকাশ করেছে। নতুন ব্যবস্থায় ভিডিও রেকর্ডিংয়ের সময় জ্বলে ওঠা ছোট এলইডি নির্দেশক আলোটি যদি কেউ বিকল করে বা ঢেকে দেয়, তাহলে পুরো ক্যামেরা সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

এলইডি আলো ঢেকে ভিডিও করার কৌশল
এর আগে অনেক ব্যবহারকারী টেপ, কালো ফিল্ম বা ছোট ছিদ্রযুক্ত আবরণ দিয়ে ওই নির্দেশক আলো ঢেকে গোপনে ভিডিও ধারণ করতেন। এ সুযোগ কাজে লাগিয়ে স্মার্ট চশমার নিরাপত্তা ব্যবস্থা ভেঙে বা ‘জেইলব্রেক’ করে নির্দেশক আলো ছাড়াই ভিডিও ধারণের সেবাও গড়ে উঠেছিল।

সমস্যার সমাধান কতটা হবে?
মেটার সর্বশেষ সফটওয়্যার আপডেটের পর এ ধরনের অপব্যবহার কতটা কমেছে, তা জানতে আরও কিছু সময় লাগবে।

এদিকে বিশেষজ্ঞদের মতে, স্মার্ট চশমার এলইডি নির্দেশক আলোটি এমনিতেই খুব উজ্জ্বল নয়। বিশেষ করে দিনের আলো বা খোলা পরিবেশে ভিডিও ধারণের সময় এটি সহজে চোখে পড়ে না।

তারপরও সংশ্লিষ্টদের মতে, নিজেদের প্রযুক্তির অপব্যবহার থেকে তৈরি হওয়া সামাজিক সমস্যা মোকাবিলায় মেটা অবশেষে যে কার্যকর পদক্ষেপ নিতে শুরু করেছে, সেটি ইতিবাচক উদ্যোগ হিসেবেই বিবেচিত হচ্ছে। সূত্র: দ্য ভার্জ, এনগ্যাজেট

image

আপনার মতামত দিন