নিজেদের বার্ষিক প্রযুক্তি সম্মেলন ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) ২০২৬–এর উদ্বোধনী অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ঘিরে ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেছে অ্যাপল। যুক্তরাষ্ট্রে গত সোমবার শুরু হওয়া সম্মেলনে আইফোন, ম্যাক, আইপ্যাড, অ্যাপল ওয়াচ ও ভিশন প্রোর জন্য নতুন সুবিধা এবং সফটওয়্যার হালনাগাদের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এবারের আয়োজনের মূল আকর্ষণ ছিল ‘অ্যাপল ইন্টেলিজেন্স’–এর সক্ষমতা বৃদ্ধি, সিরির বড় ধরনের উন্নয়ন এবং পুরোনো আইফোনের কর্মক্ষমতা বাড়ানোর উদ্যোগ।
অ্যাপল ইন্টেলিজেন্সের বিস্তৃতি
অ্যাপল জানিয়েছে, তাদের এআই প্রযুক্তি ও সেবাগুলো ধাপে ধাপে পুরো ইকোসিস্টেমজুড়ে বিস্তৃত করা হবে। নতুন সুবিধার ফলে সাফারি ব্রাউজার স্বয়ংক্রিয়ভাবে বিষয়ভিত্তিক ট্যাব সাজাতে পারবে, ওয়েবসাইটের পরিবর্তন পর্যবেক্ষণ করে ব্যবহারকারীকে জানাবে এবং সাধারণ ভাষার নির্দেশনা অনুযায়ী ব্রাউজার এক্সটেনশনও তৈরি করতে পারবে। পাশাপাশি মেসেজ, মেইল, ক্যালেন্ডার, ফোন, হোম ও শর্টকাটস অ্যাপেও যুক্ত হচ্ছে নতুন এআই সুবিধা।
আরও স্মার্ট ও কার্যকর সিরি
সম্মেলনে সিরির উন্নত সংস্করণও উন্মোচন করা হয়েছে। নতুন সিরি আগের তুলনায় আরও স্বাভাবিকভাবে কথোপকথন করতে পারবে এবং পূর্ববর্তী আলাপের প্রেক্ষাপট ধরে রেখে উত্তর দেবে। ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের প্রাসঙ্গিক ব্যবহার, পর্দার তথ্য বিশ্লেষণ এবং একাধিক অ্যাপের মধ্যে সমন্বয় করে কাজ করার সক্ষমতাও যুক্ত হয়েছে এতে। এ ছাড়া সিরির জন্য আলাদা একটি অ্যাপ চালুর ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে আগের কথোপকথন সংরক্ষণ ও পর্যালোচনার সুযোগ থাকবে।
পুরোনো আইফোনের কর্মক্ষমতা বৃদ্ধি
অ্যাপল জানিয়েছে, নতুন আইওএস ২৭ শুধু সর্বাধুনিক ডিভাইস নয়, পুরোনো আইফোন ব্যবহারকারীদেরও বাড়তি সুবিধা দেবে। আইফোন ১১ পর্যন্ত পুরোনো মডেলে নতুন অপটিমাইজড সিপিইউ শিডিউলার যুক্ত করা হবে, যা ডিভাইসের প্রসেসিং ক্ষমতা আরও দক্ষভাবে ব্যবহারে সহায়তা করবে।
ফটোস অ্যাপে এআই সুবিধা
ফটোস অ্যাপেও যুক্ত হচ্ছে তিনটি নতুন এআই টুল। ‘ক্লিন আপ’ টুল দিয়ে ছবির অনাকাঙ্ক্ষিত উপাদান সরানো যাবে, ‘এক্সটেন্ড’ টুল ছবির বাইরের অংশ সম্প্রসারণ করবে এবং ‘স্পেশাল রিফ্রেমিং’ টুলের মাধ্যমে ছবির দৃষ্টিকোণ পরিবর্তন করা যাবে।
শিশুদের নিরাপত্তায় নতুন ব্যবস্থা
শিশুদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নিয়ন্ত্রণসুবিধারও ঘোষণা দিয়েছে অ্যাপল। পাশাপাশি ‘লিকুইড গ্লাস’ নকশায় ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী স্বচ্ছতার মাত্রা নিয়ন্ত্রণের সুযোগ দেওয়া হবে।
বিদায়ের মঞ্চে টিম কুক
সম্মেলনের শেষ পর্বে আবেগঘন বক্তব্য দেন অ্যাপলের সিইও টিম কুক। প্রধান নির্বাহী হিসেবে এটিই তাঁর শেষ ডব্লিউডব্লিউডিসি। তিনি বলেন, অ্যাপলে কাজ করার সুযোগ তাঁর জীবনের সবচেয়ে বড় সম্মান এবং প্রতিষ্ঠানের সেরা সময় এখনো সামনে অপেক্ষা করছে। সূত্র: টেকক্রাঞ্চ, দ্য ভার্জ