ডুমস্ক্রলিং থেকে মুক্তি দেবে যেসব অ্যাপ

প্রকাশ: মঙ্গলবার, ০৫ মে, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা-স্মার্টফোনে স্ক্রল করাই যেন অনেকের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। এই অভ্যাসের নাম ‘ডুমস্ক্রলিং’, যা বিশেষ করে তরুণদের জীবনে নীরবে প্রভাব ফেলছে। একের পর এক ছোট ভিডিও বা নেতিবাচক খবরের ভিড়ে আমরা প্রায়ই বুঝতেই পারি না, কখন সময়, মনোযোগ আর মানসিক শক্তি হারিয়ে ফেলছি। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে স্মার্টফোন পুরোপুরি ছেড়ে দেওয়া সবসময় সম্ভব নয়। তাই এসেছে নতুন ধরনের কিছু অ্যাপ, যা আমাদের উদ্দেশ্যহীন স্ক্রলিং থেকে সরিয়ে এনে আরও সচেতন, অর্থবহ অংশগ্রহণে উৎসাহিত করে।

সেটেরা
আপনি যদি ভূগোল পছন্দ করেন, তাহলে এই অ্যাপ আপনার জন্য। ভূগোলের দক্ষতা যাচাই করতে কিংবা উন্নত করতে অ্যাপটি ব্যবহার করতে পারেন। মানচিত্রের দক্ষতা পরীক্ষা করার জন্য এই অ্যাপে ৩০০টির বেশি বিভিন্ন ধরনের গেম রয়েছে। আপনি বিশ্বের বিভিন্ন পতাকা সম্পর্কে আপনার জ্ঞান পরীক্ষা করতে পারেন। মহাসাগর, সাগর ও নদী আবিষ্কার করতে পারেন এবং বিশ্বজুড়ে পর্বতমালা ও আগ্নেয়গিরি অন্বেষণ করতে পারেন এই অ্যাপে। ডুমস্ক্রলিংয়ের বদলে এই অ্যাপ ব্যবহার করা যেতে পারে। অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস-উভয় প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

এলিভেট
অনেক ব্রেইন ট্রেনিং গেমের অ্যাপ এটি। এলিভেট এমন একটি অ্যাপ, যা মনোযোগ, স্মৃতিশক্তি, পঠন, গণিতে দক্ষতা এবং অন্যান্য দক্ষতা উন্নত করতে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে। এতে ৪০টির বেশি গেম রয়েছে, যেগুলো দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন দক্ষতার অনুশীলন করায়। এখানে প্রশিক্ষণের ধারাবাহিকতা ট্র্যাক করা এবং সময়ের সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কর্মক্ষমতা তুলনা করা যাবে। অ্যাপটির একটি ফ্রি ভার্সন রয়েছে, যার মাধ্যমে প্রতিদিন তিনটি গেম খেলা যায়। অথবা সীমাহীন অ্যাকসেসের জন্য বার্ষিক সাবস্ক্রিপশনও নেওয়া যায়। এটি আইওএস এবং অ্যান্ড্রয়েড-উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যাবে।

ভোকাবুলারি
এটি এমন অ্যাপ, যা প্রতিদিন নতুন নতুন শব্দ শিখতে সাহায্য করবে। বিভিন্ন কুইজের মাধ্যমে এটি নতুন ইংরেজি শব্দ শিখতে সহায়ক। এখানে পছন্দের স্তর বেছে নেওয়া যাবে এবং আবেগ, মানবদেহ, ব্যবসাসহ আরও অনেক পছন্দের বিষয় নির্বাচন করা যাবে। প্রতিটি শব্দের সঙ্গে একটি সংজ্ঞা, বাক্য কাঠামোর উদাহরণ এবং এর উচ্চারণ নির্দেশিকা দেওয়া থাকে। অ্যাপটিতে শেখা শব্দগুলো পর্যালোচনার জন্য মিনি-গেমও রয়েছে। আপনি প্রতি সপ্তাহে কত শব্দ শিখতে চান, তার একটি লক্ষ্য নির্ধারণ করতে পারেন এবং একটি নিয়মিত শেখার রুটিন তৈরি করতে পারেন। অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস-উভয় প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

রেডিও গার্ডেন
ক্রমাগত সোশ্যাল মিডিয়া স্ক্রল না করে যদি পৃথিবীর সঙ্গে সংযুক্ত থাকতে চান, তাহলে রেডিও গার্ডেনে ঘুরে আসতে পারেন। এটি একটি রেডিও অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনি বিশ্বের ২৫ হাজারের বেশি লাইভ রেডিও স্টেশন শুনতে পারবেন। অ্যাপটি খুললেই শহর ও নগর চিহ্নিত করা সবুজ বিন্দুযুক্ত ম্যাপ দেখা যাবে। সে জায়গা থেকে সম্প্রচারিত রেডিও স্টেশনগুলো শোনার জন্য যেকোনো বিন্দুতে ট্যাপ করতে হবে। বিভিন্ন দেশের রেডিও খোঁজা যাবে এই অ্যাপে। পছন্দের তালিকায়ও যুক্ত করা যাবে সেগুলো। রেডিওর এসব অডিও কনটেন্ট সোশ্যাল মিডিয়ার বিকল্প হিসেবে কাজ করে। রেডিও গার্ডেন বিনা মূল্যে ব্যবহার করা যায়। অ্যাপটি আইওএস এবং অ্যান্ড্রয়েড-উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যাবে।

অ্যাপব্লক
এই অ্যাপ সরাসরি অ্যাপ বন্ধ করে রাখার জন্য। পড়াশোনা কিংবা কাজে মনোযোগ দিতে নির্দিষ্ট অ্যাপ ব্লক করে রাখা যাবে এটি দিয়ে। মোবাইল ফোনের স্ক্রিন টাইম এবং বিভিন্ন অ্যাপ ব্যবহারের তথ্য পাওয়া যাবে অ্যাপটি থেকে। সেই সঙ্গে মনোযোগ নষ্টকারী অ্যাপগুলো নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে রাখা যাবে। অ্যাপের পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইটও ব্লক করে রাখা যাবে। আর এভাবে মোবাইল ফোনের অপ্রয়োজনীয় স্ক্রিন টাইম কমিয়ে আনা যাবে। অ্যাপটি পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ও আইওএসে। সূত্র: দ্য গার্ডিয়ান, স্প্রিং ন্যাচার

image

আপনার মতামত দিন