দৈনন্দিন কাজের চাপ কমাতে প্রযুক্তি জগতে নতুন মাত্রা যোগ করেছে মাইক্রোসফট। সম্প্রতি প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন সেবা কোপাইলট টাস্কস উন্মোচন করেছে, যা ব্যস্ত ব্যবহারকারীদের ই-মেইল, নোট, ছবি ও সাধারণ পরিকল্পনার মতো কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে সহায়তা করবে।
কী এই কোপাইলট টাস্কস?
কোপাইলট টাস্কস হলো ক্লাউডভিত্তিক একটি এআই সেবা, যা ব্যবহারকারীর ডিভাইসের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে নিজস্ব ক্লাউড কম্পিউটিং ও ব্রাউজার পরিবেশ ব্যবহার করে কাজ সম্পন্ন করে। ব্যবহারকারী শুধু লিখে বা বলে নির্দেশ দিলেই এটি কাজ শুরু করতে পারে।
এ সেবার মাধ্যমে একবারের কাজ সম্পন্ন করা যাবে। নির্দিষ্ট সময় অন্তর পুনরাবৃত্ত কাজ চালানো যাবে। নির্ধারিত তারিখে স্বয়ংক্রিয়ভাবে কাজ সম্পন্ন এবং কাজ শেষে বিস্তারিত প্রতিবেদন পাওয়া যাবে।
কী কী করা যাবে?
কোপাইলট টাস্কস দৈনন্দিন কাজকে আরও সহজ করে তুলতে পারে। উদাহরণ হিসেবে, ইনবক্সে থাকা ই-মেইল, সংযুক্তি ও ছবি থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি স্লাইড উপস্থাপনা তৈরি করা, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন শনাক্ত করে বাতিল করা। জরুরি ই-মেইল আলাদা করা। ই-মেইলের খসড়া উত্তর তৈরি করা। জন্মদিনের অনুষ্ঠান পরিকল্পনা ও আমন্ত্রণপত্র তৈরি এবং নতুন ফ্ল্যাট খোঁজা ও পরিদর্শনের সময় নির্ধারণ অর্থাৎ ব্যক্তিগত ও পেশাগত দুই ক্ষেত্রেই সময় সাশ্রয়ের সুযোগ তৈরি করছে এই সেবা।
নিরাপত্তা ও নিয়ন্ত্রণ
মাইক্রোসফট জানিয়েছে, অর্থ পরিশোধ বা অন্য কারও কাছে বার্তা পাঠানোর মতো গুরুত্বপূর্ণ কাজের আগে অবশ্যই ব্যবহারকারীর অনুমতি নেওয়া হবে। ফলে স্বয়ংক্রিয়তার সুবিধা থাকলেও চূড়ান্ত নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতেই।
বর্তমানে কারা ব্যবহার করতে পারছেন?
কোপাইলট টাস্কস বর্তমানে গবেষণা পর্যায়ের প্রিভিউ হিসেবে সীমিতসংখ্যক পরীক্ষামূলক ব্যবহারকারীর জন্য উন্মুক্ত। ভবিষ্যতে এটি আরও বিস্তৃত পরিসরে চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কেন গুরুত্বপূর্ণ?
বর্তমান ব্যস্ত জীবনে ছোট ছোট কাজই অনেক সময় বড় চাপ তৈরি করে। কোপাইলট টাস্কস সেই চাপ কমিয়ে ব্যবহারকারীদের আরও গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে সহায়তা করতে পারে। ক্লাউডভিত্তিক স্বয়ংক্রিয় এআই ব্যবস্থার মাধ্যমে এটি ভবিষ্যতের কাজের ধরন বদলে দিতে পারে। সূত্র : দ্য ভার্জ