নতুন নামে যাত্রা শুরু করল ইলন মাস্কের এআই প্রতিষ্ঠান

প্রকাশ: মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান এক্সএআইয়ের (xAI) নাম পরিবর্তন করা হয়েছে। মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সঙ্গে একীভূত হওয়ার পাঁচ মাস পর আনুষ্ঠানিকভাবে নতুন নাম রাখা হয়েছে স্পেসএক্সএআই (SpaceXAI)। একই সঙ্গে উন্মোচন করা হয়েছে প্রতিষ্ঠানের নতুন লোগো। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেট এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, পৃথিবীর কক্ষপথে (অরবিটে) ডেটা সেন্টার গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে সামনে রেখে নতুন এ ব্র্যান্ডের অধীনে এআই প্রযুক্তি এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পরিচালিত হবে।

মে মাসেই ঘোষণা দেন মাস্ক
গত মে মাসে একীভূত প্রতিষ্ঠানের নতুন নাম প্রকাশ করেন ইলন মাস্ক। সে সময় তিনি জানান, এক্সএআই আর স্পেসএক্সের অধীনে পৃথক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে না। বরং উভয় প্রতিষ্ঠানের কার্যক্রম একটি অভিন্ন ব্র্যান্ডের আওতায় পরিচালিত হবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এক্সএআই আনুষ্ঠানিকভাবে নিজেদের নতুন নাম স্পেসএক্সএআই ঘোষণা করে। এর পাশাপাশি প্রকাশ করা হয় নতুন লোগোও।

এক্স অ্যাকাউন্টে পরিবর্তন
এক্সএআইয়ের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ইতিমধ্যে নতুন নাম দেখা যাচ্ছে। তবে স্পেসএক্সের রকেট, উৎক্ষেপণ ও মহাকাশ–সংক্রান্ত কার্যক্রমের জন্য আলাদা স্পেসএক্স অ্যাকাউন্ট আগের মতোই চালু রয়েছে।

লক্ষ্য মহাকাশে ডেটা সেন্টার
এক্সএআইকে স্পেসএক্সের সঙ্গে একীভূত করার সময় ইলন মাস্ক বলেছিলেন, এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে বিদ্যুতের চাহিদা এতটাই বাড়ছে যে শুধু পৃথিবীর বিদ্যমান অবকাঠামোর ওপর নির্ভর করে তা পূরণ করা সম্ভব হবে না।

তাঁর ভাষ্য, ডেটা সেন্টারের মতো বিপুল বিদ্যুৎনির্ভর অবকাঠামো ভবিষ্যতে মহাকাশে স্থানান্তর করাই সবচেয়ে যৌক্তিক সমাধান। সেই লক্ষ্যেই পৃথিবীর কক্ষপথে অরবিটাল ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে স্পেসএক্সএআই।

১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন
একীভূত হওয়ার ঘোষণা আসার আগেই মহাকাশভিত্তিক ডেটা সেন্টার প্রকল্পের জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) কাছে প্রায় ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি চেয়ে আবেদন করেছিল স্পেসএক্স।

এক্সও এখন নতুন ব্র্যান্ডের অধীনে
২০২৫ সালে এক্সএআই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অধিগ্রহণ করে। এর ধারাবাহিকতায় প্ল্যাটফর্মটিও এখন স্পেসএক্সএআই ব্র্যান্ডের অধীনে পরিচালিত হচ্ছে।

বাজারমূল্য ২ দশমিক ১ ট্রিলিয়ন ডলার
চলতি বছরের জুনে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় স্পেসএক্স। প্রথম দিনের লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দাম ১৬১ মার্কিন ডলারে পৌঁছায়। এতে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়ায় প্রায় ২ দশমিক ১ ট্রিলিয়ন মার্কিন ডলার।

তবে স্টকটুইটসের তথ্য অনুযায়ী, বিভিন্ন দাপ্তরিক নথিতে এখনও নতুন ব্র্যান্ডের নাম আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়নি। যদিও এক্সএআইয়ের ওয়েবসাইটে ইতিমধ্যে নতুন নাম ও লোগো ব্যবহার শুরু হয়েছে। সূত্র: এনগ্যাজেট, বিজনেস ইনসাইডার

image

আপনার মতামত দিন