কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের সক্ষমতা দ্রুত বাড়ার সঙ্গে সঙ্গে এসব প্রযুক্তি তৈরি ও পরীক্ষার ঝুঁকিও বাড়ছে। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে এআই উন্নয়নের গতি সাময়িকভাবে কমানোর সিদ্ধান্ত নিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এআই মডেলের পরীক্ষা ও প্রশিক্ষণ প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে দুই সপ্তাহের জন্য মডেল পরীক্ষা স্থগিত রাখার পাশাপাশি ‘অ্যাস্ট্রা’ নামের পরবর্তী প্রজন্মের এআই মডেলের প্রশিক্ষণও সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
সক্ষমতার সঙ্গে বাড়ছে ঝুঁকি
ওপেনএআইয়ের মতে, এআই মডেল যত শক্তিশালী ও উন্নত হচ্ছে, সেগুলোর সম্ভাব্য ঝুঁকিও তত বাড়ছে। তাই মডেলের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নিরাপত্তা, নজরদারি ও নিয়ন্ত্রণব্যবস্থাও সমানতালে উন্নত করা জরুরি। এ কারণে মডেলের কার্যক্রম পর্যবেক্ষণে নতুন ব্যবস্থা যুক্ত করার পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করতে কঠোর পরীক্ষা ও নজরদারি বাড়ানো হয়েছে।
বড় প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত
নতুন উদ্যোগের অংশ হিসেবে ওপেনএআইয়ের সবচেয়ে বড় এআই প্রশিক্ষণ কার্যক্রমও আপাতত স্থগিত করা হয়েছে। বড় পরিসরে প্রশিক্ষণের পরিবর্তে প্রতিষ্ঠানটি এখন ছোট পরিসরে মডেল প্রশিক্ষণ ও পরীক্ষা চালাচ্ছে। এসব পরীক্ষায় মডেল কীভাবে আচরণ করছে, নিরাপত্তাব্যবস্থা প্রত্যাশা অনুযায়ী কাজ করছে কি না এবং নির্ধারিত লক্ষ্য ও নীতিমালা অনুসরণ করছে কি না-তা যাচাই করা হচ্ছে।
তথ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত
ছোট পরিসরের এসব পরীক্ষায় পর্যাপ্ত তথ্য ও প্রমাণ সংগ্রহের পর বড় পরিসরের প্রশিক্ষণ আবার শুরু করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ, মডেলের সক্ষমতা বাড়ানোর আগে সেটি কতটা নিরাপদ ও নিয়ন্ত্রণযোগ্য, তা নিশ্চিত করতে চাইছে ওপেনএআই।
প্রতিযোগিতার মধ্যেও নিরাপত্তাকে অগ্রাধিকার
গত কয়েক বছরে নতুন এআই মডেল তৈরি ও পণ্য বাজারে আনার ক্ষেত্রে দ্রুত এগিয়েছে ওপেনএআই। প্রতিদ্বন্দ্বী এআই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতা বাড়ায় মডেল উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হয়েছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে সেই গতি সাময়িকভাবে কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। বড় পরিসরের প্রশিক্ষণ কবে আবার শুরু হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।
স্বাভাবিক গতিতে ফিরতে সময় লাগবে
ওপেনএআইয়ের নিরাপত্তা বিভাগের প্রধান মিয়া গ্লিজ জানিয়েছেন, প্রতিষ্ঠানটির এআই উন্নয়ন কার্যক্রম আবার আগের স্বাভাবিক গতিতে ফিরতে এখনো কিছুটা সময় লাগবে। সাম্প্রতিক সাইবার নিরাপত্তার ঘটনাগুলোর প্রেক্ষাপটে এআই মডেল মানুষের নজরদারিতে যথাযথভাবে সাড়া দিচ্ছে কি না এবং নির্ধারিত উদ্দেশ্য ও নীতিমালা অনুযায়ী কাজ করছে কি না-তা নিশ্চিত করাকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছে ওপেনএআই। সূত্র: রয়টার্স ও দ্য ভার্জ