স্বয়ংচালিত নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী ‘মাইক্রোসফট স্কাউট’

প্রকাশ: শুক্রবার, ০৫ জুন, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

কর্মক্ষেত্রের বিভিন্ন দাপ্তরিক কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে সক্ষম নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী তৈরি করেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির দাবি, ‘মাইক্রোসফট স্কাউট’ নামের এই কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারীটি ব্যবহারকারীরা অনলাইনে না থাকলেও তাঁদের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কাজ সময়মতো সম্পন্ন করতে পারে।

প্রেক্ষাপট বিশ্লেষণ ও স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা
মাইক্রোসফটের তথ্যমতে, কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারীটি মূলত ‘স্বয়ংচালিত’ ধরনের ডিজিটাল সহকারী। ফলে প্রচলিত কথোপকথনভিত্তিক বটের মতো শুধু প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে এটি পটভূমিতে সক্রিয় থেকে চলমান কাজের প্রেক্ষাপট বিশ্লেষণ করতে পারে। কাজের ধরন ও অগ্রাধিকার বুঝে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা ও নির্ধারিত অনুমতির মধ্যেই কার্যক্রম পরিচালনা করতে পারে এটি।

বৈঠক ব্যবস্থাপনা ও কাজের প্রস্তুতিতে সহায়তা
মাইক্রোসফট জানিয়েছে, স্কাউট স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন দেশের সহকর্মীদের সঙ্গে বৈঠকের সময় নির্ধারণ করতে পারে। এ ছাড়া গুরুত্বপূর্ণ বৈঠকের আগে প্রয়োজনীয় নথি প্রস্তুত, গুরুত্বপূর্ণ ঘটনার বিষয়ে আগাম সতর্কবার্তা প্রদান এবং নির্ধারিত সময়সীমার আগে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্নের জন্য কর্মঘণ্টা নির্ধারণের সুবিধাও রয়েছে এতে।

ই–মেইল ও নথি বিশ্লেষণ করে ঝুঁকি শনাক্তকরণ
এই কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারীটি টিমস, আউটলুক, ওয়ানড্রাইভ ও শেয়ারপয়েন্টে থাকা ই–মেইল, বার্তা, দিনপঞ্জি, যোগাযোগের তথ্য এবং বিভিন্ন নথি বিশ্লেষণ করে ব্যবহারকারীদের কাজের অগ্রগতি সম্পর্কে ধারণা নিতে পারে। এর ফলে কোনো কাজ বা সিদ্ধান্ত দীর্ঘ সময় ধরে আটকে থাকলে কিংবা কোনো প্রকল্পের অগ্রগতি ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হলে সেটি শনাক্ত করতে পারে। শুধু তা–ই নয়, ‘কর্মবুদ্ধি’ প্রযুক্তি থাকায় এটি ব্যবহারকারীদের নির্দেশনার জন্য অপেক্ষা না করেও বিভিন্ন কাজ সম্পন্ন করতে সক্ষম।

প্রাথমিক পরীক্ষায় ইতিবাচক ফলাফল
ইতিমধ্যে মাইক্রোসফটের কর্মীরা এই কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারীর প্রাথমিক সংস্করণ ব্যবহার করে বিভিন্ন কাজ করার পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি শনাক্ত এবং প্রশাসনিক কাজের চাপ কমানোর মতো কার্যক্রম পরিচালনা করেছেন। প্রতিষ্ঠানটির দাবি, পরীক্ষামূলক ব্যবহারে কর্মীদের দৈনন্দিন কাজের চাপ কমাতে ইতিবাচক ভূমিকা রেখেছে এটি।

নির্বাচিত গ্রাহকদের জন্য পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত
প্রাথমিকভাবে নির্বাচিত কিছু গ্রাহক এবং মাইক্রোসফটের ‘ফ্রন্টিয়ার’ কর্মসূচিতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর জন্য এই কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারীর পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করা হবে। সূত্র: টেকরাডার, ইন্ডিয়ান এক্সপ্রেস

image

আপনার মতামত দিন