আগামী ৪ মার্চ ‘স্পেশাল এক্সপেরিয়েন্স’ শিরোনামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে অ্যাপল নিউ ইয়র্ক, লন্ডন, ও সাংহাইয়ে একযোগে আয়োজিত হবে এই অনুষ্ঠান। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভম্যাক জানিয়েছে, ইতোমধ্যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
রহস্যময় আমন্ত্রণ, বাড়ছে জল্পনা
সংক্ষিপ্ত ও রহস্যময় বার্তার মাধ্যমে আগাম কৌতূহল তৈরি করা অ্যাপলের পুরোনো কৌশল। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমন্ত্রণপত্রে সময়সূচি ছাড়া অনুষ্ঠানের ধরন বা সম্ভাব্য ঘোষণা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ফলে প্রযুক্তিবিশ্বে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আমন্ত্রণপত্রে অ্যাপলের লোগো দেখা গেছে হলুদ ও সবুজ রঙের সংমিশ্রণে। এই রঙের ব্যবহার নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।অনেকে ধারণা করছেন, নতুন রঙে বাজারে আসতে পারে কোনো ম্যাকবুক মডেল।

কী আসতে পারে?
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাক রিউমারস জানিয়েছে, অনুষ্ঠানে একাধিক নতুন পণ্য উন্মোচন হতে পারে। সম্ভাব্য তালিকায় রয়েছে নতুন আইফোন সংস্করণ, এম৫ প্রো ও এম৫ ম্যাক্স চিপযুক্ত ম্যাকবুক প্রো, অষ্টম প্রজন্মের আইপ্যাড এয়ার এবং দ্বাদশ প্রজন্মের আইপ্যাডসহ আরও কয়েকটি ডিভাইস।
তবে উল্লেখযোগ্য বিষয় হলো-এই আয়োজনকে ‘ইভেন্ট’ না বলে ‘এক্সপেরিয়েন্স’ হিসেবে উল্লেখ করেছে অ্যাপল। এমনকি তাদের অফিশিয়াল ইভেন্ট পেজেও এটি তালিকাভুক্ত করা হয়নি। ফলে অনেকেই মনে করছেন, পুরোপুরি নতুন পণ্য উন্মোচনের বদলে বিশেষ প্রদর্শনী বা হ্যান্ডস-অন অভিজ্ঞতার আয়োজন হতে পারে।
অ্যাপলের প্রতিটি আয়োজনই প্রযুক্তিবিশ্বে আলোড়ন তোলে। ৪ মার্চের ‘স্পেশাল এক্সপেরিয়েন্স’ ঠিক কতটা চমক নিয়ে আসবে, তা জানতে এখন শুধু অপেক্ষা। সূত্র: ম্যাশেবল