ইউসিবিডিতে অনুষ্ঠিত হলো ‘ক্যাম্পাস টু করপোরেট’ উদ্যোগের দ্বিতীয় পর্ব

প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নেওয়া বিশেষ উদ্যোগ ‘ক্যাম্পাস টু করপোরেট’-এর দ্বিতীয় পর্ব আয়োজন করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। আজ মঙ্গলবার, ১৯ মে অনুষ্ঠিত এ পর্বে অতিথি বক্তা ছিলেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম এইচ এম ফাইরোজ।

আয়োজনে করপোরেট জগতে ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এম এইচ এম ফাইরোজ। পাশাপাশি, সমকালীন করপোরেট বাস্তবতার নানা দিক তুলে ধরেন তিনি। দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের বিভিন্ন ব্যবহারিক পরামর্শ দেন এম এইচ এম ফাইরোজ। ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, প্রতিযোগিতাপূর্ণ চাকরির বাজারে প্রবেশের আগে একাডেমিক শিক্ষার পাশাপাশি হাতে-কলমে কাজের অভিজ্ঞতা এবং কর্মক্ষেত্রের প্রত্যাশা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি।

এম এইচ এম ফাইরোজ বলেন, “একাডেমিক জ্ঞান শিক্ষার্থীদের মূল ভিত্তি তৈরি করে দেয়। তবে করপোরেট জগতে সফলতা নির্ভর করে বাস্তব পরিস্থিতিতে সেই জ্ঞান কতটা কার্যকরভাবে প্রয়োগ করা যায়, তার ওপর। কর্মক্ষেত্রে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা, যোগাযোগ দক্ষতা এবং বাস্তব সীমাবদ্ধতার মধ্যে সমস্যা সমাধানের ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা যত আগে এসব বাস্তবতা বুঝতে পারবে এবং হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করবে, ততই তারা অর্থবহ ও টেকসই ক্যারিয়ার গড়ে তুলতে প্রস্তুত হবে।”

অনুষ্ঠান সম্পর্কে এসটিএস গ্রুপ ও ইউসিবিডির প্রধান নির্বাহী কর্মকর্তা মানস সিং বলেন, এ ধরনের উদ্যোগ একাডেমিক শিক্ষা ও শিল্পখাতের মধ্যে সংযোগ আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, “‘ক্যাম্পাস টু করপোরেট’-এর মতো উদ্যোগ শিক্ষার্থীদের সফল ব্যবসায়িক নেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ করে দেয়। তাঁদের অভিজ্ঞতা থেকে শেখার পাশাপাশি প্রতিযোগিতামূলক চাকরির বাজারে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাস ও বাস্তবভিত্তিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতেও সহায়তা করে।”

শিক্ষার্থীদের সঙ্গে অতিথি বক্তার একটি ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে আয়োজনটি শেষ হয়। ‘ক্যাম্পাস টু করপোরেট’-এর মতো উদ্যোগের মাধ্যমে ইউসিবিডি শ্রেণিকক্ষের শিক্ষা ও করপোরেট বাস্তবতার মধ্যে সেতুবন্ধন তৈরি করছে। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা বাড়িয়ে পেশাজীবনের জন্য আরও প্রস্তুত হতে সহায়তা করছে।

image

আপনার মতামত দিন