দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের প্রায় পাঁচ দশকের চড়াই-উতরাই, ঐতিহাসিক মাইলফলক ও বর্তমান বাস্তবতা নিয়ে প্রকাশিত হয়েছে আইসিটি উদ্যোক্তা আব্দুল্লাহ এইচ কাফির নতুন বই ‘বাংলাদেশে তথ্যপ্রযুক্তির অতীত-বর্তমান ১৯৭৯-২০২৬’। বইটিতে দেশের প্রযুক্তি খাতের উন্মেষ থেকে শুরু করে বর্তমান বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে বাংলাদেশের অবস্থান বিশদভাবে তুলে ধরা হয়েছে।
কম্পিউটারের আগমন ও বিসিএস প্রতিষ্ঠার ইতিহাস
বইটিতে ১৯৬০-এর দশকে দেশে প্রথম কম্পিউটারের আগমন, ১৯৮০-এর দশকে মাইক্রোকম্পিউটারের পরিচিতি এবং তরুণদের হাত ধরে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) প্রতিষ্ঠার নেপথ্য ইতিহাস বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
কম্পিউটার মেলা থেকে শুল্কমুক্ত আন্দোলন
একই সঙ্গে ১৯৯৩ সালে ঢাকায় দেশের প্রথম কম্পিউটার মেলা, ইন্টারনেটের জন্য ভিস্যাট উন্মুক্ত করার লড়াই, ১৯৯৮ সালের ঐতিহাসিক শুল্কমুক্ত কম্পিউটার আন্দোলন, বিসিএস কম্পিউটার সিটি প্রতিষ্ঠা এবং পাঠ্যবইয়ে উইন্ডোজ ও কম্পিউটারশিক্ষাকে যুক্ত করার মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলো লেখকের নিজস্ব অভিজ্ঞতার আলোকে জানা যাবে।
প্রযুক্তি খাতের অর্জন ও বর্তমান চ্যালেঞ্জ
আইসিটি খাতের অর্জন ও বর্তমান চ্যালেঞ্জ তুলে ধরে লেখক আব্দুল্লাহ এইচ কাফি জানান, দেশে প্রযুক্তি খাতের পরিধি ও রপ্তানি আয় বাড়লেও কাঙ্ক্ষিত জ্ঞানভিত্তিক সমাজ এখনো গড়ে ওঠেনি। বিশেষ করে দক্ষ মানবসম্পদের ঘাটতি, রাজনৈতিক মেরুকরণ এবং অভ্যন্তরীণ সমন্বয়হীনতার কারণে বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ পিছিয়ে পড়ছে।
এআই অগ্রগতিতে আঞ্চলিক তুলনা
বইটিতে ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং আধুনিক প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে।
সরকার-একাডেমিয়া-শিল্পের ঐক্যের আহ্বান
এ বিষয়ে লেখক জানান, বিশ্বজুড়ে যখন এআই প্রযুক্তির জয়জয়কার এবং আন্তর্জাতিক আইটি খাতে ব্যাপক রূপান্তর ঘটছে, তখন পারস্পরিক বিভেদ ভুলে সরকার, একাডেমিয়া ও আইটি ইন্ডাস্ট্রিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রকাশক ও প্রাপ্তিস্থান
১২৮ পৃষ্ঠার এই বই প্রকাশ করছে প্রতিভাষা প্রকাশন। প্রথমা, রকমারিসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বইটি পাওয়া যাচ্ছে। তথ্যপ্রযুক্তিপ্রেমী, গবেষক ও তরুণ প্রজন্মের জন্য দেশের আইসিটির প্রায় অর্ধশতকের পথচলা বোঝার ক্ষেত্রে বইটি একটি অনন্য দলিল হিসেবে ভূমিকা রাখবে।
আগের বই ‘আবর্ত’
প্রসঙ্গত, এর আগে আব্দুল্লাহ এইচ কাফির লেখা ‘আবর্ত: এনালগ থেকে ডিজিটাল বাংলাদেশ ও আমরা’ বই বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছে।