স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র

প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র বলে মত দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম।

বুধবার (১৮ ফেব্রুয়ারি)  রাজধানীর আগারগাঁওয়ে আইসিটির বিভাগের সভাকক্ষে আইসিটি বিভাগ কর্তৃক প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব  এ কথা বলেন।

 মন্ত্রী তাঁর বক্তব্যে আইসিটি খাতে স্বচ্ছতা (Transparency) ও জবাবদিহিতা (Accountability) নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরকার যে নীতিমালা নির্ধারণ করবে, তা বাস্তবায়নে কর্মকর্তাদের পেশাদারিত্ব ও আন্তরিকতা অপরিহার্য।

ফকির মাহবুব আনাম জানান, আইসিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় খাত। দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে আইসিটি সেবা সম্প্রসারণ এবং সাধারণ মানুষের জন্য প্রযুক্তির সুবিধা সহজলভ্য করা সরকারের অগ্রাধিকার। তিনি কর্মকর্তাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান এবং বলেন, “চলুন আমরা একসাথে কাজ করি।”

মন্ত্রী আরও উল্লেখ করেন, নতুন সরকার কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চায়। প্রধানমন্ত্রী কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন-এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দৃশ্যমান অগ্রগতি ও কার্যকর উদ্যোগের মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ করা হবে।

মন্ত্রী কর্মকর্তাদের সহযোগিতা কামনা করে বলেন, একটি নতুন ভিশন ও নীতির আলোকে স্বচ্ছ ও গতিশীল পরিবেশে আইসিটি খাতকে এগিয়ে নেওয়াই হবে তাঁর মূল লক্ষ্য।

আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী তাঁর বক্তব্যে নবনিযুক্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম-কে স্বাগত জানিয়ে বলেন, আইসিটি বিভাগ দেশের ডিজিটাল রূপান্তরের কেন্দ্র হিসেবে কাজ করছে। বিভাগটি আইসিটি আইন ও নীতি প্রণয়ন, ডাটা সেন্টার ও হাইটেক পার্ক স্থাপন, ৪৫০টির বেশি ডিজিটাল সেবা প্রদান, স্টার্টআপ ও ইনোভেশন সহায়তা, সাইবার নিরাপত্তা জোরদার এবং দক্ষ জনবল তৈরিতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি মন্ত্রীর দিকনির্দেশনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সরকারের নীতিমালা বাস্তবায়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
 

image

আপনার মতামত দিন